আমতলীতে নারী নেত্রী ও সহযোগীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

হোম » বরগুনা » আমতলীতে নারী নেত্রী ও সহযোগীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
রবিবার ● ৫ জুলাই ২০২৬


 

আমতলীতে নারী নেত্রী ও সহযোগীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

বরগুনার আমতলীতে এক নারী নেত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হওয়ার পর তাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার বিকেলে উপজেলার তালুকদার বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আমতলী উপজেলা মহিলা বিএনপির স্বঘোষিত নেত্রী দাবি করা মাহমুদা আক্তার হেপী, চাওড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. জুয়েল হাওলাদারসহ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। আয়োজকদের দাবি, চাওড়া ইউনিয়নের কয়েকশ নারী-পুরুষ কর্মসূচিতে অংশ নেন।

 

স্থানীয় সূত্র ও মামলার এজাহার অনুযায়ী, গত বৃহস্পতিবার বিকেলে চাওড়া ইউনিয়নের একটি জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দেলোয়ার হাওলাদার, কোমেলা বিবি ও সোহেল হাওলাদার আহত হন। এ ঘটনায় দেলোয়ার হাওলাদারের বোন রিনা বেগম বাদী হয়ে শুক্রবার আমতলী থানায় হত্যা চেষ্টা ও জমি দখলের অভিযোগে মাহমুদা আক্তার হেপী, জুয়েল হাওলাদারসহ ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

 

অভিযোগ রয়েছে, মামলার পর অভিযুক্তদের সহযোগীরা দেলোয়ার হাওলাদারের বাড়িতে হামলা ও লুটপাট চালায়। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

 

আবু হানিফ মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন চাঁন মিয়া মল্লিক, সজিব মল্লিক, শিউলী আক্তার ও শাহনাজ পারভীন। বক্তারা অভিযোগ করেন, মাহমুদা আক্তার হেপী ও জুয়েল হাওলাদারের নেতৃত্বে এলাকায় জমি দখল, সালিশ বাণিজ্য, সুদের কারবার ও বিভিন্ন ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

 

আমতলী উপজেলা মহিলা বিএনপির সভানেত্রী মীরা খান বলেন, মাহমুদা আক্তার হেপী মহিলা বিএনপির কোনো পদে নেই। তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় দল নেবে না।

 

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মাহমুদা আক্তার হেপীর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ঘটনার পর একটি মামলা হয়েছে। মামলায় তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮:০৩:০৯ ● ২০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ