অনিয়ম-দুর্নীতির অভিযোগে মোরেলগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি

হোম » সর্বশেষ » অনিয়ম-দুর্নীতির অভিযোগে মোরেলগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি
রবিবার ● ৫ জুলাই ২০২৬


 

অনিয়ম-দুর্নীতির অভিযোগে মোরেলগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি

সাগরকন্যা প্রতিবেদক, মোরেলগঞ্জ (বাগেরহাট)

 

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতির বিরুদ্ধে ৪৩ লাখ টাকার বেশি অর্থ আত্মসাৎ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও চিকিৎসাসেবায় নানা অনিয়মের অভিযোগ তুলে তাঁর অপসারণ এবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে ‘দুর্নীতি বিরোধী জোট, মোরেলগঞ্জ’ নামে একটি সংগঠন।

 

রোববার (৫ জুলাই) সকালে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবি জানান। এ সময় সংগঠনের পক্ষ থেকে একটি অভিযোগপত্রও বিতরণ করা হয়।

 

অভিযোগপত্রে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে এমএসআর (রোগীদের ওষুধপত্র) ক্রয়ের জন্য বরাদ্দ ৪৩ লাখ টাকার বেশি অর্থ যথাযথভাবে ব্যয় না করে আত্মসাতের অভিযোগ রয়েছে। পাশাপাশি সরকারি হাসপাতালের রোগীদের অন্যত্র নিয়ে ব্যক্তিগতভাবে চিকিৎসা প্রদান, হাসপাতালের সুযোগ-সুবিধা ব্যবহার করে রোগীদের কাছ থেকে অর্থ আদায়, অবৈধ মেডিকেল সনদ প্রদানের মাধ্যমে আর্থিক সুবিধা গ্রহণ এবং ব্যক্তিগত ক্লিনিকে রোগী স্থানান্তরের অভিযোগও উত্থাপন করা হয়েছে।

 

এ ছাড়া বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীর কাছ থেকে জোরপূর্বক বিল-ভাউচারে স্বাক্ষর নেওয়া, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে আর্থিক অনিয়ম, ঘন ঘন স্টোরকিপার ও হেড ক্লার্ক পরিবর্তনের মাধ্যমে প্রশাসনিক অস্থিরতা সৃষ্টি এবং হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকট তৈরির অভিযোগও তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়।

 

অভিযোগকারীদের দাবি, কিছু রোগীর ক্ষেত্রে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অস্ত্রোপচার করা হয়েছে, যার ফলে রোগীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এসব অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত চেয়েছেন তারা।

 

মানববন্ধনে বক্তব্য দেন মো. রেজাউল করিম, মাহমুদা খানম, সাবিনা ইয়াসমিন টুলু, মো. বশির উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন ও মো. শহিদুল ইসলাম।

 

তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে একটি মহলের ষড়যন্ত্র চলছে।’

বাংলাদেশ সময়: ১৫:৫৯:৫৪ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ