গৌরনদী ভূমি অফিসে রেকর্ড রাজস্ব আদায়, প্রায় ২ কোটি টাকা সংগ্রহ

হোম » বরিশাল » গৌরনদী ভূমি অফিসে রেকর্ড রাজস্ব আদায়, প্রায় ২ কোটি টাকা সংগ্রহ
বুধবার ● ১ জুলাই ২০২৬


গৌরনদী ভূমি অফিসে রেকর্ড রাজস্ব আদায়, প্রায় ২ কোটি টাকা সংগ্রহ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলা ভূমি অফিস ২০২৫-২০২৬ অর্থবছরে রেকর্ড পরিমাণ সরকারি রাজস্ব আদায় করেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এ সাফল্য অর্জিত হয়েছে বলে ভূমি অফিস সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, অর্থবছরে ভূমি অফিস সংশ্লিষ্ট বিভিন্ন খাতে সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রাজস্ব আদায় হয়েছে। ১৪৮ বর্গকিলোমিটার আয়তনের গৌরনদী উপজেলায় ভূমি উন্নয়ন কর বাবদ আদায় হয়েছে ১ কোটি ৭ লাখ ২১ হাজার ২২৫ টাকা। এতে সাধারণ দাবির ১৫৫ শতাংশ এবং সংস্থা দাবির ১০৭ শতাংশ অর্জিত হয়েছে।

এ ছাড়া ভিপি লিজ মানি খাতে লক্ষ্যমাত্রার ১০১ দশমিক ২২ শতাংশ এবং চান্দিনা ভিটি নবায়ন খাতে ১০২ শতাংশ রাজস্ব আদায় হয়েছে। একই সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অর্থদণ্ড, অনলাইনে পরিশোধিত নামজারি ফি, খতিয়ান সংশোধন ফি এবং খতিয়ানের সার্টিফায়েড কপি ফিসহ বিভিন্ন উৎস থেকে রাজস্ব সংগ্রহ করা হয়েছে।

সব মিলিয়ে অর্থবছরে মোট রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় ২ কোটি টাকায় পৌঁছেছে, যা আগের অর্থবছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভূমি অফিস সূত্র আরও জানায়, দায়িত্ব গ্রহণের পর থেকে সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। এর মধ্যে জনগণের কাছে এসিল্যান্ডের জবাব শীর্ষক গণশুনানি, সরকারি জমি উদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ অভিযান এবং জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা উল্লেখযোগ্য।

স্থানীয়দের মতে, এসব কার্যক্রমের ফলে ভূমি প্রশাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে।

গৌরনদী উপজেলা ভূমি অফিসের এ সাফল্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গৌরনদীবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি ভবিষ্যতেও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রযুক্তিনির্ভর ভূমি সেবা প্রদানের ধারাবাহিকতা বজায় রাখার আশা ব্যক্ত করা হয়েছে।


এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৫:৪৭:১৬ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ