ভোলার বোরহানউদ্দিনে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

হোম » ভোলা » ভোলার বোরহানউদ্দিনে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, ভোলা

 

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সুপারি গাছ কাটার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছোট ভাই মো. মোশারেফ (৫০) আহত হয়েছেন। তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

 

মঙ্গলবার সকালে উপজেলার টবগী ইউনিয়নের দালালপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই ভাই বাড়িতে সুপারি গাছের চারা রোপণের কাজ করছিলেন। এ সময় একটি পুরোনো সুপারি গাছ কাটতে গেলে সেটি বাড়ির ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের মূল লাইনের তারের ওপর পড়ে। এতে তার ছিঁড়ে গিয়ে একটি অংশ আবুল কালামের শরীরে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

 

পরিবারের সদস্যদের দাবি, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বড় ভাইকে উদ্ধার করতে গেলে মো. মোশারেফও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।

 

পরে স্বজনরা তাঁদের উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা দুজনকে ভোলা সদর হাসপাতালে পাঠান। পরে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন। আহত মোশারেফ একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

বোরহানউদ্দিন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৮:০৬:১৪ ● ১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ