কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত বেলিন তিমি

হোম » কুয়াকাটা » কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত বেলিন তিমি
সোমবার ● ২৯ জুন ২০২৬


 

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত বেলিন তিমি

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে প্রায় ৫৬ ফুট দীর্ঘ একটি মৃত বেলিন তিমি ভেসে এসেছে। সোমবার দুপুরে কাউয়ার চর বসুধা আইল্যান্ডসংলগ্ন সৈকতে তিমিটির অবস্থান শনাক্ত করেন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের ভিড় দেখা যায়।

 

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও উপরার আহ্বায়ক কেএম বাচ্চু জানান, স্থানীয় ট্যুর গাইড তরিকুল ইসলাম সকালে তিমিটি দেখতে পেয়ে বিষয়টি তাদের অবহিত করেন। পরে বন বিভাগকে জানানো হয়। তিনি বলেন, মৃত তিমিটির দৈর্ঘ্য প্রায় ৫৬ ফুট এবং প্রস্থ ১৬ ফুট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে প্রাণীটির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 

উপকূল ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, এর আগে ২০১৮, ২০২২ এবং চলতি মাসের ৩ জুন কুয়াকাটা সৈকতে মৃত তিমি ভেসে আসার ঘটনা ঘটেছিল। অল্প সময়ের ব্যবধানে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি উদ্বেগজনক। তিনি এর প্রকৃত কারণ অনুসন্ধানের পাশাপাশি তিমি, ডলফিন ও সামুদ্রিক কচ্ছপের মৃত্যুর কারণ নির্ণয়ে আরও গবেষণার দাবি জানান।

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক রাজীব সরকার বলেন, বাহ্যিক বৈশিষ্ট্য পর্যবেক্ষণে এটি বেলিন তিমি বলে ধারণা করা হচ্ছে। সমুদ্রের পরিবেশগত পরিবর্তন, খাদ্যসংকট, অসুস্থতা, জাহাজের সঙ্গে সংঘর্ষ কিংবা সমুদ্রস্রোতের প্রভাবে এ ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী উপকূলে ভেসে আসতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

 

তিনি আরও বলেন, তিমিটির নমুনা সংগ্রহ করে প্রজাতি শনাক্তের উদ্যোগ নেওয়া উচিত। পাশাপাশি ভবিষ্যৎ গবেষণার স্বার্থে এর কঙ্কাল সংরক্ষণের বিষয়টিও বিবেচনায় আনা যেতে পারে।

 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক জানান, তিমিটি পচাগলা অবস্থায় থাকায় বন বিভাগ ও কুয়াকাটা পৌরসভার সহযোগিতায় সেটিকে মাটিচাপা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দুর্গন্ধের কারণে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ভোগান্তি না হয়।

বাংলাদেশ সময়: ১৮:১১:৩৮ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ