কলাপাড়ায় সাংবাদিকের ওপর হামলা: ছাত্রদল নেতা বেল্লাল বহিষ্কার

হোম » লিড নিউজ » কলাপাড়ায় সাংবাদিকের ওপর হামলা: ছাত্রদল নেতা বেল্লাল বহিষ্কার
রবিবার ● ২৮ জুন ২০২৬


 

কলাপাড়ায় সাংবাদিকের ওপর হামলা: ছাত্রদল নেতা বেল্লাল বহিষ্কার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

কলাপাড়ায় সাংবাদিক ও শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেনের ওপর হামলার ঘটনায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার বিকেলে পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কারাদেশে জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এবং সদস্যসচিব জাকারিয়া আহমেদের অনুমোদন রয়েছে।

আহত মোয়াজ্জেম হোসেন কলাপাড়া উপজেলার নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এবং দৈনিক আজকের পত্রিকা’র কলাপাড়া প্রতিনিধি।

জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে কলাপাড়া পৌর শহরের সদর রোড এলাকায় লোকমানের মোবাইল ফোনের দোকানে অবস্থান করছিলেন মোয়াজ্জেম হোসেন। এ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিম ও কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন নেতাকর্মী তাকে দোকান থেকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে রাস্তায় ফেলে তাকে মারধর করা হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে তিনি দৌড়ে পুনরায় দোকানের ভেতরে আশ্রয় নিলে হামলাকারীরা তাকে টেনে বের করে দ্বিতীয় দফায় মারধর করে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

বর্তমানে গুরুতর আহত অবস্থায় মোয়াজ্জেম হোসেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে হামলার ঘটনায় বেল্লাল হোসেনকে বহিষ্কার করা হলেও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ায় মোয়াজ্জেম হোসেনের পরিবার অসন্তোষ প্রকাশ করেছে।

ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে কলাপাড়া প্রেসক্লাব, মহিপুর প্রেসক্লাব, কুয়াকাটা প্রেসক্লাব, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি এবং কলাপাড়া সাংবাদিক ইউনিয়ন। সংগঠনগুলোর নেতারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০:০৫:১৭ ● ৪১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ