
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিস মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পুরোনো ব্যবসায়ীরা।
রোববার (২৮ জুন) দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করা হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, ২০১৮ সালে আধুনিক ফিস মার্কেট নির্মাণের জন্য তৎকালীন পৌর মেয়র ও প্রশাসনের আশ্বাসে তাদের পুরোনো দোকান ভেঙে ফেলা হয়। সে সময় এক বছরের মধ্যে পূর্বের স্থানে কোনো অতিরিক্ত অর্থ ছাড়াই দোকান ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে আট বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা দাবি করেন, বর্তমানে নতুন করে প্রতি বর্গফুট দোকানের মূল্য ৬ হাজার থেকে ৬ হাজার ৫০০ টাকা এবং মাসিক ভাড়া প্রতি বর্গফুট ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। অথচ পাশের জেলা বরগুনার একই ধরনের মার্কেটে প্রতি বর্গফুটের মূল্য ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকার মধ্যে রাখা হয়েছে। এ কারণে মঠবাড়িয়ার ব্যবসায়ীদের সঙ্গে বৈষম্য করা হয়েছে বলে তাদের অভিযোগ।
ব্যবসায়ীরা আরও বলেন, দীর্ঘদিন ধরে ডিসিআর ও চান্দিনা হোল্ডিংয়ের ভিত্তিতে তারা ব্যবসা পরিচালনা করে এলেও এখন সেই অধিকার অস্বীকার করা হচ্ছে। আট বছর ধরে ব্যবসা বন্ধ থাকায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে বলেও তারা উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে পুরোনো ব্যবসায়ীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে তাদের পূর্বের প্রাপ্য দোকান ফেরত দেওয়া এবং দোকান বরাদ্দে স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
এর আগে একই দাবিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।