সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দস্যু নিহত, আহত ২

হোম » খুলনা » সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দস্যু নিহত, আহত ২
শুক্রবার ● ২৬ জুন ২০২৬


সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দস্যু নিহত, আহত ২সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু দুলাভাই বাহিনীর বিরুদ্ধে পরিচালিত বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে গোলাগুলির ঘটনায় এক দস্যু নিহত এবং আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে বাহিনীটির প্রধান রবিউল ইসলামও রয়েছেন। অভিযানে এখনো অবৈধ অস্ত্র ও পলাতক দস্যুদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

শুক্রবার (২৬ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, গত বৃহস্পতিবার (২৫ জুন) রাতে সুন্দরবনের গভীরে কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযান চলাকালে দুলাভাই বাহিনীর সদস্যদের সঙ্গে রাতব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা তাদের বোট থেকে অতর্কিত গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি চালান।

 

কোস্ট গার্ড জানায়, অভিযানে এখন পর্যন্ত তিনজন দস্যুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের চিকিৎসার জন্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পাশাপাশি অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং পলাতক দস্যুদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে বাহিনীটি।

 

এদিকে কয়রা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজাউল করীম জানান, শুক্রবার ( ২৬ জুন) ভোর ৪টার দিকে গুলিবিদ্ধ শওকত সরদারের মরদেহ হাসপাতালে নিয়ে আসে কোস্ট গার্ড। তিনি কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত এজাহার সরদারের ছেলে। একই সময়ে আরও একজন গুলিবিদ্ধ ব্যক্তিকে হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

অন্যদিকে, দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার মৃত মানিক গাজীর ছেলে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে তাকে সার্জারি ইউনিটের ১১-১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে প্রিজন সেলে রাখা হয়েছে।

 

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, নিহত শওকত সরদার এলাকায় শাকাত সরদার নামে পরিচিত ছিলেন। তিনি দুলাভাই বাহিনীর অন্যতম পরিচালক ছিলেন। আহত রবিউল ইসলামই ওই বাহিনীর প্রধান।

 

এ ঘটনায় পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, ময়দাপেশা এলাকায় কোস্ট গার্ডের অভিযান চলছিল। অভিযানে ঠিক কী ঘটেছে, সে বিষয়ে আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই।

 

জানা গেছে, শুক্রবার সুন্দরবনের বন বিভাগের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাপেশা এলাকায় এ ঘটনা ঘটে।

 

বর্তমানে ঘটনাস্থল এলাকায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। বাহিনীটি জানিয়েছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১০:১২ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ