
সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর শাহাবুদ্দিন মাঝি (৬০) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে কুয়াকাটা সৈকতের লেম্বুর বনসংলগ্ন সমুদ্র এলাকা থেকে স্থানীয় জেলেদের সহযোগিতায় তার স্বজনরা মরদেহটি উদ্ধার করেন।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, ২৩ জুন ভোরে কুয়াকাটা সৈকতের গঙ্গামতি এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যান শাহাবুদ্দিন মাঝি। সকাল ১০টার দিকে হঠাৎ ঝড়ো বাতাসে উত্তাল সমুদ্রে তিনি নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যান। পরে সহকর্মী জেলেরা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে তীরে ফিরে আসেন।
নিহত শাহাবুদ্দিন মাঝি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চর গাছিয়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
স্বজনরা জানান, লেম্বুর বনঘাট এলাকার কয়েকজন জেলে গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় শাহাবুদ্দিন মাঝির মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি পরিবারের সদস্যদের জানালে স্বজনরা অন্য একটি নৌকায় ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৭টার দিকে মরদেহটি উদ্ধার করে উপকূলে নিয়ে আসেন।
খবর পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশ, মহিপুর থানা পুলিশ ও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’