
সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পটুয়াখালী)
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী দেবলীনা সাহা ঐশী জাপান সরকারের মর্যাদাপূর্ণ এমইএক্সটি (মোনবুকাগাকুশো) বৃত্তি অর্জন করেছেন। এ বৃত্তির আওতায় তিনি জাপানের শিমানে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) পর্যায়ে অধ্যয়ন ও গবেষণার সুযোগ পেয়েছেন।
দেবলীনা সাহা ঐশীর বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলায়। তার এ আন্তর্জাতিক অর্জনে পরিবার, নিজ জেলা এবং বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্বব্যাপী অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ও সম্পূর্ণ অর্থায়িত এই বৃত্তির মাধ্যমে তিনি শিমানে বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শিক্ষা গ্রহণ করবেন। সেখানে তার গবেষণার বিষয় হবে ‘প্ল্যাঙ্কটোনিক ফরামিনিফেরার উচ্চ-রেজল্যুশন পরিমাণগত জীবস্তরবিন্যাস’।
সংশ্লিষ্টরা জানান, এমইএক্সটি বৃত্তি অর্জন দেবলীনা সাহা ঐশীর মেধা, গবেষণার প্রতি নিষ্ঠা এবং বিভাগের মানসম্মত বৈজ্ঞানিক প্রশিক্ষণের স্বীকৃতি। তার এ সাফল্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের পাশাপাশি ভবিষ্যৎ গবেষকদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলে তারা মনে করছেন।
এ উপলক্ষে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা দেবলীনা সাহা ঐশীকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তার শিক্ষা ও গবেষণা জীবনের সার্বিক সাফল্য কামনা করেছেন তারা।