
সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা
বরগুনার তালতলী উপজেলায় সোনাকাটা ইউনিয়নের কবিরাজপাড়ায় খালবিহীন সমতল জমিতে কালভার্ট নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বিরুদ্ধে। প্রকল্প বাস্তবায়নে নির্ধারিত স্থান পরিবর্তন করে ব্যক্তিস্বার্থে কাজ করা হচ্ছে- এমন অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় একটি পাকা সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় খাল সংযোগস্থল বিবেচনায় আটটি কালভার্ট নির্মাণের বরাদ্দ দেওয়া হয়। তবে এর মধ্যে একটি কালভার্ট প্রকৃত খাল সংযোগস্থলে না করে পাশের সমতল জমিতে নির্মাণ করা হচ্ছে।
অভিযোগ অনুযায়ী, কবিরাজপাড়ায় দুই পাশের খাল সংযোগস্থলে কালভার্টটি নির্মাণের কথা থাকলেও তা পরিবর্তন করে স্থানীয় ওবায়দুল নামের এক ব্যক্তির বাড়ির সামনে স্থাপন করা হয়েছে। এলাকাবাসীর দাবি, যেখানে বর্তমানে নির্মাণ চলছে সেখানে কোনো খাল বা পানি প্রবাহের পথ নেই। ফলে সেখানে কালভার্ট নির্মাণ কৃষি বা পানি নিষ্কাশনে কোনো কাজে আসবে না।
স্থানীয়রা অভিযোগ করেন, প্রকল্প বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যোগসাজশে ঘুষের মাধ্যমে কালভার্টের স্থান পরিবর্তন করা হয়েছে। তাঁদের মতে, সরকারি অর্থে ব্যক্তিস্বার্থে সমতল ভূমিতে কালভার্ট নির্মাণ জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত।
কালভার্ট নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মিরাজ সাগরকন্যাকে বলেন, কালভার্টটি আরও কিছুটা সামনে নির্মাণের কথা ছিল। তবে আমতলী এলজিইডি অফিস এখানেই কাজ করার নির্দেশ দিয়েছে, তাই আমরা এখানেই কাজ শুরু করেছি। বিস্তারিত এলজিইডি অফিস বলতে পারবে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। একইভাবে বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সঙ্গেও যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।