চরফ্যাশনে চাকরি মেলা, কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

হোম » ভোলা » চরফ্যাশনে চাকরি মেলা, কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল
বৃহস্পতিবার ● ১৮ জুন ২০২৬


 

চরফ্যাশনে চাকরি মেলা, কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

 

স্বল্প আয়ের পরিবারের তরুণ-তরুণীদের স্বাবলম্বী করা এবং দক্ষ শ্রমবাজারের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে চরফ্যাশনে দিনব্যাপী বর্ণাঢ্য চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর মাঠে এ মেলার আয়োজন করা হয়।

 

বিশ্বব্যাংকের অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর রেইজ প্রকল্পের আওতায় আর্থিক ও কারিগরি সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এ মেলার আয়োজন করে।

 

আয়োজক সূত্রে জানা গেছে, রেইজ প্রকল্পের মাধ্যমে ভোলা জেলার বিভিন্ন গ্রামের প্রান্তিক তরুণ-তরুণীদের দক্ষ ও অভিজ্ঞ কারিগরের অধীনে ওস্তাদ-শিষ্য পদ্ধতিতে কারিগরি দক্ষতা প্রদান করা হয়। প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রমে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি সুসংহত সেতুবন্ধন তৈরি করাই ছিল এ মেলার মূল লক্ষ্য। চাকরি মেলায় প্রায় ১০টি কোম্পানির স্টল অংশগ্রহণ করে।

 

মেলা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।

 

পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর নির্বাহী পরিচালক মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. এমাদুল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টি এস এম ফিদা হাসান, এফডিএ পরিচালনা পরিষদের সদস্য সাংবাদিক নাছিউর রহমান, অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভুঁইয়া এবং এফডিএ-এর সিনিয়র প্রোগ্রাম সমন্বয়কারী শংকর নাথ দেবনাথসহ বিভিন্ন প্রকল্পের কর্মকর্তারা।

 

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা জরুরি। প্রথাগত শিক্ষার পাশাপাশি এ ধরনের প্রায়োগিক কারিগরি প্রশিক্ষণ ও সরাসরি চাকরি মেলার আয়োজন বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

দিনব্যাপী এ মেলায় চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বাস্তবায়নকারী সংস্থা পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) আশা প্রকাশ করেছে, এ মেলার মাধ্যমে চরফ্যাশন উপজেলায় বহু দক্ষ ও যোগ্য বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ)-এর টেকনিক্যাল অফিসার মো. নেওয়াজ শরিফ।

বাংলাদেশ সময়: ১৭:৫৪:৫৯ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ