
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোংলায় এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল ১০টায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’ ও মোংলাপোর্ট পৌরসভার যৌথ উদ্যোগে মোংলাপোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম সড়কে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ, সিনিয়র সিটিজেন সাহেব আলী মল্লিক এবং পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সার্ভিস বাংলাদেশ-এর সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, যুবনেতা সুমন মল্লিক, বিডি ক্লিনের প্রতিনিধি আবু হাসান, পরিবেশকর্মী ডলার মোল্লা ও মেহেদী হাসান, ছাত্রনেতা সাকিব এবং রমজান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শারমিন আক্তার সুমী বলেন, নাগরিকরা নিজে থেকে সচেতন না হলে কেবল পৌর কর্তৃপক্ষের একার পক্ষে পুরো শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। একটি আদর্শ পরিচ্ছন্ন পৌর শহর গড়ে তুলতে হলে সবাইকে সুনাগরিকের দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সচেতনতাই ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রজননস্থল ধ্বংস করে একটি পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন মোংলা পৌর শহর গড়ে তুলতে পারে।
উদ্বোধন শেষে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবক ও পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা আব্দুল হালিম সড়ক এবং আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে মশার প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়।