জিয়ানগরের নমিতা রানী হত্যা মামলার আসামি কামাল পঞ্চায়েত ভাণ্ডারিয়ায় গ্রেফতার
হোম »
পিরোজপুর »
জিয়ানগরের নমিতা রানী হত্যা মামলার আসামি কামাল পঞ্চায়েত ভাণ্ডারিয়ায় গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, ভাণ্ডারিয়া (পিরোজপুর)
পিরোজপুরের জিয়ানগর উপজেলার আলোচিত নমিতা রানী হত্যা মামলার প্রধান আসামি কামাল পঞ্চায়েত (৫৫)কে গ্রেফতার করেছে র্যাব-৮-এর একটি আভিযানিক দল।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাণ্ডারিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ছোটকানুয়া এলাকার জামাল কাজীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কামাল পঞ্চায়েত জিয়ানগর উপজেলার দক্ষিণ চণ্ডীপুর গ্রামের মৃত আবু পঞ্চায়েতের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮-এর সদস্যরা ভাণ্ডারিয়া পৌরসভার ছোটকানুয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সেখানে আত্মগোপনে থাকা নমিতা রানী হত্যা মামলার প্রধান আসামি কামাল পঞ্চায়েতকে আটক করা হয়।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকা কামাল পঞ্চায়েত গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ মে পারিবারিক ও পরকীয়াজনিত বিরোধের জেরে জিয়ানগর উপজেলায় নমিতা রানীকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্বামী রাধেশ্যাম পাল বাদী হয়ে জিয়ানগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিদের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। ঘটনার দিন ২৮ মে বিকেলে রাধেশ্যাম পাল চিতলমারী বাজারে যান। পরে রাত আনুমানিক ৮টার দিকে বাড়িতে ফিরে নিজ ঘরের সামনের বারান্দায় স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখেন। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে কাছে গিয়ে তিনি নমিতা রানীকে মৃত অবস্থায় দেখতে পান।
বাংলাদেশ সময়: ১১:০৭:৩৮ ●
৯ বার পঠিত
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)