
সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপির সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদ মাঠে এ সমাবেশের আয়োজন করে ৪ নম্বর দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপি।
ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুর হোসেন মৃধা, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজী, সহসভাপতি অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান, মো. আনোয়ার হোসেন সিকদার, মো. আমিনুল ইসলাম খোকন, জেলা বিএনপির সাবেক সদস্য মো. ফিরোজ আলম গোলদার, অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন মৃধা, যুবদলের সাধারণ সম্পাদক মো. গাজী আতাউর রহমান এবং উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আবুল বাসার মোকলেস।
এ ছাড়া ছাত্রদল, যুবদল, শ্রমিকদল ও মহিলাদলের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সুধী সমাবেশে আলতাফ হোসেন চৌধুরী বলেন, দলের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। কোনো বিভেদ নয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের স্বার্থে কাজ করতে হবে।
এ সময় তিনি এলাকার উন্নয়ন নিয়েও বক্তব্য দেন। স্থানীয় জনগণের কল্যাণে উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।