নলছিটিতে খয়রাবাদ নদী ভাঙন রোধে মানববন্ধন, মিছিল

হোম » ঝালকাঠী » নলছিটিতে খয়রাবাদ নদী ভাঙন রোধে মানববন্ধন, মিছিল
রবিবার ● ৭ জুন ২০২৬


 

নলছিটিতে খয়রাবাদ নদী ভাঙন রোধে মানববন্ধন, মিছিল

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

ঝালকাঠির নলছিটিতে খয়রাবাদ নদীর ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে ভুক্তভোগী স্থানীয় জনগণ অংশ নেন।

 

রবিবার (৭ জুন) নলছিটি উপজেলা পরিষদ সংলগ্ন নলছিটি-দপদপিয়া সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বাসদ নেত্রী ও বরিশাল জেলা সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্তীর নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

মানববন্ধনে বক্তারা বলেন, খয়রাবাদ নদীর ভাঙনে নদীতীরবর্তী মানুষ সবকিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের ঘরবাড়ি, কৃষিজমি সবই নদী কেড়ে নিয়েছে। বর্ষা মৌসুমে এই ভাঙন আরও তীব্র আকার ধারণ করে। দ্রুত ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ না নিলে আরও শত শত মানুষ গৃহহীন হয়ে পড়বে।

 

বাসদ নেত্রী ডা. মনিষা চক্রবর্তী বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর আমরা দেখতে পেয়েছি গৃহহীন মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কোনো সরকারই নদীতীরবর্তী মানুষদের রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়নি। বর্তমান সরকার যদি খয়রাবাদ নদীসহ অন্যান্য নদীর তীরবর্তী মানুষদের রক্ষায় পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা বুঝে নেব দেশে কোনো পরিবর্তন আসেনি।

 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দপদপিয়া ইউনিয়ন নদী ভাঙন প্রতিরোধ কমিটির সদস্য সচিব মো. রমজান আকন হৃদয়, আহ্বায়ক ফরিদ আহমদ, স্থানীয় সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ক্রীড়া সম্পাদক গাজী বেলাল হোসেন, বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্ট বাকেরগঞ্জ উপজেলার উপদেষ্টা আমিনুর রহমান, স্থানীয় ভুক্তভোগী রহিমা বেগম, রানী বেগম, হৃদয়, হেনারা বেগম প্রমুখ।

 

এ সময় দপদপিয়া ইউনিয়নের খয়রাবাদ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক নারী-পুরুষ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) স্থানীয় নেতৃবৃন্দ মানববন্ধন ও মিছিলে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫:৪১:০৩ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ