
সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে আকতার হাওলাদার (৪০) নামে এক জেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর রাতের দিকে উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের ওরাকুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শী জেলেদের অভিযোগ, নৌ-পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয় বলে জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী জেলে মো. আব্দুল বেপারী সাগরকন্যার এ প্রতিবেদককে বলেন, বৃহস্পতিবার ভোররাতে তাঁরা ১৩ জন জেলে মেঘনা নদীর ওরাকুল এলাকায় মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ নৌ-পুলিশের একটি বোট এসে তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। তখন সবাই শুয়ে পড়লেও গুলিবিদ্ধ হয়ে আকতার হাওলাদার ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও বলেন, কিছু দূরে গিয়ে একই বাহিনীর ১০ থেকে ১২ জন সদস্য খলিল খাঁর নৌকায় অভিযান চালান। এ সময় কয়েকজনকে ধরে নিয়ে যায় চাঁদপুর পুলিশ। এ ঘটনার ভিত্তিতে তাঁর দাবি, চাঁদপুর নৌ-পুলিশের বোট থেকেই গুলি চালানো হয়েছিল এবং সেই গুলিতেই আকতার হাওলাদারের মৃত্যু হয়েছে।
নিহত আকতার হাওলাদার হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের সুলতান হাওলাদারের ছেলে। তাঁর স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রয়েছে।
স্থানীয়রা সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার ভোররাতে মেঘনা নদীতে মা ইলিশ শিকার করা জেলেদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। একপর্যায়ে নৌ-পুলিশ গুলি চালালে আকতার হাওলাদার নিহত হন।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, নিহত আকতার হাওলাদারের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর বুকে গুলির দাগ রয়েছে। তবে কার গুলিতে তিনি নিহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।