রামপাল মরা গরুর পচা মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতার কারাদণ্ড, জরিমানা

হোম » খুলনা » রামপাল মরা গরুর পচা মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতার কারাদণ্ড, জরিমানা
রবিবার ● ৭ জুন ২০২৬


 

রামপাল মরা গরুর পচা মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতার কারাদণ্ড, জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাহাট বাজারে মরা গরুর পচা মাংস বিক্রির অভিযোগে দুই বিক্রেতাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

রোববার (৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী ফয়লাহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের হারুনুর রশিদ (৪৫) এবং বাগেরহাট সদর উপজেলার খানপুর গ্রামের ইয়ামিন হাওলাদার (৩০)। অভিযানের সময় উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমার উপস্থিত ছিলেন।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ফয়লাহাট বাজারে মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মাংস থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে। এ অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

তিনি আরও জানান, উপজেলা ভেটেরিনারি সার্জনের দায়ের করা প্রসিকিউশন আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই অভিযুক্তকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। পরে জব্দ করা পচা মাংস মাটিচাপা দেওয়া হয়।

 

স্থানীয়দের অভিযোগ, হারুনুর রশিদ গরুর মাংসের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মৃত গরুর মাংস ও পচা মাংস বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় তাঁর মাংস বিক্রির লাইসেন্স বাতিলের দাবিও জানিয়েছেন স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:৫২ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ