
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম খাঞ্জাপুর এলাকায় নিখোঁজের দুই দিন পর রেজাউল হাওলাদার (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বাড়ির পাশের একটি ডোবায় ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
নিহত রেজাউল হাওলাদার পশ্চিম খাঞ্জাপুর গ্রামের মৃত রতন হাওলাদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে রেজাউল বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন জানান, রোববার সকাল ৭টার দিকে তিনি ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় গ্রামপুলিশকে খবর দেন। পরে গ্রামপুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে থানায় বিষয়টি অবহিত করেন।
স্থানীয় গ্রামপুলিশ রাসেল মৃধা মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, নিখোঁজ হওয়ার পর থেকে রেজাউলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি আরও জানান, ঘটনাস্থলসংলগ্ন এলাকা থেকে পুলিশ ইয়াবা সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করেছে। এ কারণে ঘটনাটি নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভাসমান অবস্থায় রেজাউল হাওলাদারের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পুরো ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, তাৎক্ষণিকভাবে রেজাউলের মৃত্যুর কারণ জানা যায়নি। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।