মধ্যরাতে কলাপাড়ায় ১৪ বছরের কিশোরীর বাল্যবিবাহ প্রতিরোধ, বরপক্ষের পলায়ন

হোম » পটুয়াখালী » মধ্যরাতে কলাপাড়ায় ১৪ বছরের কিশোরীর বাল্যবিবাহ প্রতিরোধ, বরপক্ষের পলায়ন
রবিবার ● ৭ জুন ২০২৬


 

মধ্যরাতে কলাপাড়ায় ১৪ বছরের কিশোরীর বাল্যবিবাহ প্রতিরোধ, বরপক্ষের পলায়ন

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

 

পটুয়াখালী কলাপাড়ার পাখিমারা বাজার এলাকায় ১৪ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে এ সময় বরপক্ষ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে কিশোরীর বাবা-মা ভবিষ্যতে আর বাল্যবিবাহ দেবেন না মর্মে মুচলেকা দেন।

 

জানা গেছে, কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের ইউসুফপুর গ্রামের বাসিন্দা জামাল খানের ১৪ বছর বয়সী কন্যা মাছুমা খাতুনের (ছদ্মনাম) বিয়ের আয়োজন করা হয়। বিয়ের উদ্দেশ্যে তাকে উপজেলার পাখিমারা বাজারের একটি ভাড়া বাসায় আনা হয়েছিল।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকা থেকে গোপনে বিষয়টি জানানো হলে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক ঘটনাটি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তাঁর নির্দেশে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর প্রতিনিধিরা এবং স্থানীয় চৌকিদার জাহাঙ্গীর ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহে বাধা দেন।

 

সংগঠনটির প্রাণীকল্যাণকর্মী বায়জিদ মুন্সী সাগরকন্যাকে জানান, উপজেলা প্রশাসনের নির্দেশনা পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাদের উপস্থিতি টের পেয়ে বরপক্ষ পালিয়ে যায়। পরে কিশোরীর বাবা-মা মুচলেকা দিয়ে ভবিষ্যতে বাল্যবিবাহ না দেওয়ার অঙ্গীকার করেন।

 

স্থানীয় সূত্র আরও জানায়, মাছুমা খাতুন আগে একটি মাদ্রাসায় পড়াশোনা করলেও বর্তমানে তার পড়াশোনা বন্ধ রয়েছে।

 

উল্লেখ্য, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক কোনো ছেলে বা মেয়ের বিয়ে সম্পন্ন করা, সহায়তা করা বা আয়োজন করা দণ্ডনীয় অপরাধ। আইনে এ ধরনের ঘটনায় অভিভাবক, আয়োজনকারী ও সংশ্লিষ্টদের জন্য কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

 

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, বাল্যবিবাহটি প্রতিরোধ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। আপাতত আর কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

বাংলাদেশ সময়: ১০:৫৭:৪৪ ● ৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ