কুয়াকাটা সৈকতে গভীর রাতে দেখা মিলল বিষধর সামুদ্রিক সাপ

হোম » কুয়াকাটা » কুয়াকাটা সৈকতে গভীর রাতে দেখা মিলল বিষধর সামুদ্রিক সাপ
শনিবার ● ৬ জুন ২০২৬


 

কুয়াকাটা সৈকতে গভীর রাতে দেখা মিলল বিষধর সামুদ্রিক সাপ

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গভীর রাতে একটি বিষধর সামুদ্রিক সাপ দেখা গেছে। বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটার দিকে সৈকতের পূর্ব প্রান্তে যশোর থেকে আগত কয়েকজন পর্যটক এটি দেখতে পান। পরে তারা সতর্কতার সঙ্গে সাপটিকে সমুদ্রের পানিতে অবমুক্ত করেন এবং ঘটনার ছবি ও ভিডিও ধারণ করেন।

 

পর্যটক আসিফ ইকবাল জানান, গভীর রাতে সৈকতে হাঁটার সময় জিরো পয়েন্ট থেকে পূর্ব পাশে বালুর ওপর অস্বাভাবিক রঙের একটি সাপ দেখতে পান তারা। বিষয়টি সম্পর্কে ধারণা পাওয়ার পর তারা বুঝতে পারেন, এটি একটি সামুদ্রিক সাপ। এরপর সেটিকে নিরাপদে সমুদ্রে ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।

 

বন বিভাগ ও উপকূলীয় পরিবেশ আন্দোলনের তথ্য অনুযায়ী, এটি ‘হলুদ পেট রঙ্গিলা সামুদ্রিক সাপ’ (Yellow-bellied Sea Snake), যার বৈজ্ঞানিক নাম Hydrophis platurus। প্রজাতিটি অত্যন্ত বিষধর সামুদ্রিক সাপ হিসেবে পরিচিত।

 

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক কেএম বাচ্চু বলেন, সম্প্রতি কুয়াকাটা সৈকতে এ নিয়ে তিনটি সামুদ্রিক সাপের দেখা মিলেছে। এর আগে পাওয়া দুটি সাপ উদ্ধার করে নিরাপদে অবমুক্ত করা হয়েছিল। সর্বশেষ সাপটি পর্যটকরাই সমুদ্রে ফিরিয়ে দিয়েছেন।

 

সাপ ও বন্যপ্রাণী উদ্ধারকর্মী বায়জিদ মুন্সী জানান, এ প্রজাতির সাপ সাধারণত গভীর সমুদ্রেই বিচরণ করে থাকে। তবে বৈরী আবহাওয়া, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কিংবা তীব্র জোয়ারের কারণে মাঝেমধ্যে উপকূলের কাছাকাছি চলে আসে।

 

তিনি আরও বলেন, এর বিষে শক্তিশালী নিউরোটক্সিন রয়েছে, যা মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক। এমন সাপ দেখা গেলে কেউ যেন ধরার বা বিরক্ত করার চেষ্টা না করে, দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত বলেও তিনি মন্তব্য করেন।

 

বিশেষজ্ঞরা উপকূলীয় এলাকায় ভ্রমণকারী পর্যটকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এবং বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।

বাংলাদেশ সময়: ০:৪৮:৫৯ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ