
সাগরকন্যা প্রতিবেদক, মঠবাড়ীয়া (পিরোজপুর)
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সঠিক পদ্ধতিতে পশু জবাই এবং কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণ বিষয়ে কওমী ও হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের প্রতিনিধিদের নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) সকালে মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
প্রশিক্ষণে কোরবানির পশু জবাইয়ের ইসলামী বিধান, স্বাস্থ্যসম্মত পদ্ধতি, চামড়া ছাড়ানোর কৌশল এবং চামড়ার গুণগত মান অক্ষুণ্ন রেখে সংরক্ষণের বিভিন্ন দিক হাতে-কলমে শেখানো হয়। প্রশিক্ষকরা চামড়া সংরক্ষণের জন্য প্রয়োজনীয় লবণ প্রয়োগ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বাজারজাতকরণের পূর্ব পর্যন্ত করণীয় বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেন।
এ সময় উপজেলার বিভিন্ন কওমী ও হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও আকলিমা আক্তার বলেন, কোরবানির পশুর চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ সম্পদ। সঠিকভাবে জবাই ও সংরক্ষণ করা গেলে এর গুণগত মান বজায় থাকবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে উপকৃত হবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের সময়োপযোগী ও বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরজে/এমআর