
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়ন-এর গুলি আউলিপুর গ্রামের চরঘূনী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোসা. সালমা পারভীন (৩৫) ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী বশির বেপারীর স্ত্রী। তিনি দুমকি উপজেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার নুর ইসলাম হাওলাদারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় অভ্যন্তরীণ বিরোধ ও আলোচনা চলছিল। শনিবার সকালে সালমা পারভীন নিজ বাসার বেডরুমে দরজা বন্ধ করে রাখেন। দীর্ঘ সময় সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা খোলার চেষ্টা করা হলেও ব্যর্থ হন। একপর্যায়ে জানালা দিয়ে উঁকি দিয়ে তাকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখা যায়।
খবর পেয়ে দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা নুর ইসলাম হাওলাদার বলেন, আমার মেয়ে কেন এমন করেছে, তা বলতে পারছি না। এ ঘটনায় আমার কোনো অভিযোগ নেই। মরদেহ নিজ বাড়ি দুমকিতে নিয়ে যাব।
নিহতের স্বামী মালয়েশিয়া প্রবাসী বশির বেপারী মুঠোফোনে বলেন, তিনি কিছুদিন আগে মালয়েশিয়ায় যান। হঠাৎ শুনি আমার স্ত্রী আত্মহত্যা করেছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা জানি না, তিনি জানান।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসবি/এমআর