বরগুনার পাথরঘাটায় জমি নিয়ে হামলা-ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন

হোম » বরগুনা » বরগুনার পাথরঘাটায় জমি নিয়ে হামলা-ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেলন
শনিবার ● ১৬ মে ২০২৬


 

বরগুনার পাথরঘাটায় জমি নিয়ে হামলা-ছিনতাইয়ের অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, পাথরঘাটা (বরগুনা)

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া এলাকায় পৈত্রিক জমিতে বসতঘর নির্মাণ করতে গিয়ে হামলা, ছিনতাই ও বাধার শিকার হওয়ার অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল বারী হাওলাদার। শনিবার সকাল ১১টায় পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগের কথা জানান।

লিখিত বক্তব্যে ভুক্তভোগীর দাবি, তিনি ও তার ভাই-বোনেরা কাকচিড়ার বাইনচটকী গ্রামে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমির মালিক। অবসরে যাওয়ার পর সেখানে বসতঘর নির্মাণ শুরু করলে স্থানীয় কয়েকজন তার কাছে টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তারা বিভিন্ন সময় ভয়ভীতি ও বাধা সৃষ্টি করে।

তিনি জানান, ওই এলাকার মোঃ আলমগীর, আইয়ুব আলী, শহিদুল, মিলন, আঃ মালেক ও মকবুলরা গত ১৪ মে সকালে ঘর থেকে বের হওয়ার সময় কয়েকজন তার ওপর হামলা চালিয়ে জমির দলিলপত্র, নগদ ৬৩ হাজার টাকা, দুটি স্বর্ণের আংটি ও একটি হাতঘড়ি ছিনিয়ে নেয়। এ সময় ধস্তাধস্তিতে তিনি আহত হন।

পরে তিনি পাথরঘাটা থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহত অবস্থায় তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পরামর্শ দিয়েছেন।

বর্তমানে ওই জমিতে নির্মাণাধীন বসতঘরের দুই তৃতীয়াংশ কাজ সম্পন্ন হলেও অবশিষ্ট কাজ সম্পাদনে তারা বাধা দিচ্ছেন বলে দাবি করেন বারী হাওলাদার। তিনি বলেন, গত ১৪ মে তারা মারধর করে আমার সর্বস্ব ছিনিয়ে নেয়। এ ব্যাপারে অভিযুক্তরা হামলা ও মারধরের কথা অস্বীকার করেছেন।

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি এনামুল হক বলেন, বারী হাওলাদারকে মারধরের কথা উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন, আমরা তদন্ত করে দেখছি।

বাংলাদেশ সময়: ২২:৩২:২৮ ● ২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ