ভাণ্ডারিয়ায় ৩৮০ বস্তা সারসহ ট্রাক জব্দ, চালক আটক

হোম » পিরোজপুর » ভাণ্ডারিয়ায় ৩৮০ বস্তা সারসহ ট্রাক জব্দ, চালক আটক
শনিবার ● ২ মে ২০২৬


ভাণ্ডারিয়ায় ৩৮০ বস্তা সারসহ ট্রাক জব্দ, চালক আটক

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অবৈধ মজুদ ও কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পরিবহণকালে ৩৮০ বস্তা সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এসময় ট্রাকের চালককে আটক করা হলেও সারের প্রকৃত মালিক পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১ মে) দিবাগত রাত আড়াই টার দিকে ভাণ্ডারিয়া উপজেলার ৩নং তেলিখালী ইউনিয়নের হরিনপালা মোড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় ঢাকা মেট্রো-ট-২০-৯৭১৮ নম্বরযুক্ত একটি সন্দেহভাজন ট্রাক তল্লাশি চালিয়ে ৩৮০ বস্তা বিভিন্ন প্রকারের সার উদ্ধার করা হয়। যার মোট ওজন ১৯,০০০ কেজি এবং বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ৩৮ হাজার টাকা।

অভিযানকালে ট্রাকের চালক আবু বক্কারকে (৩০) আটক করা হয়। সে মঠবাড়িয়া উপজেলার মিঠাখালি গ্রামের মুনছুর আলির ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই সার তেলিখালী হরিনপালা এলাকার সালাম হাওলাদারের ছেলে উজ্জল হাওলাদার অবৈধভাবে মজুদ করেছিল। উজ্জল কোনো বৈধ সার ডিলার নন; তিনি অধিক মুনাফার আশায় অবৈধভাবে সার মজুদ করে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচার করছিলেন।

ভাণ্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রত্নেশ্বর কুমার মন্ডল জানায়, জব্দকৃত ট্রাক ও সার বর্তমানে থানা হেফাজতে রয়েছে। সারের মালিক উজ্জল হাওলাদার ও চালক আবু বক্কারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। অবৈধ মজুদদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এসই/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৫:০০ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ