‘পার্টনার কংগ্রেস-২০২৬’: গৌরনদীতে টেকসই কৃষি ও উদ্যোক্তা তৈরিতে নতুন দিগন্ত

হোম » বরিশাল » ‘পার্টনার কংগ্রেস-২০২৬’: গৌরনদীতে টেকসই কৃষি ও উদ্যোক্তা তৈরিতে নতুন দিগন্ত
মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬


 

গৌরনদীতে টেকসই কৃষি ও উদ্যোক্তা তৈরিতে নতুন দিগন্ত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে আধুনিক ও টেকসই কৃষি পদ্ধতি প্রসারে গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গৌরনদীর আয়োজনে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং পরে অতিথিরা উত্তম কৃষি চর্চা বিষয়ক স্টল পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশালের উপপরিচালক কৃষিবিদ মামুনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তারিক হাসান রাসেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফকরুল আলম মৃধা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, পার্টনার প্রকল্পের বরিশাল অঞ্চলের মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ মো. রিয়াজ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ বলেন, ‘পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি পদ্ধতির সঙ্গে যুক্ত করতে কাজ করা হচ্ছে। পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিপণ্যের বহুমুখীকরণ এবং উদ্যোক্তা তৈরি- এই তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, ‘কৃষিই আমাদের অর্থনীতির প্রাণ। কৃষকদের দক্ষ, প্রযুক্তিনির্ভর ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ আরও জোরদার করতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মামুনুর রহমান বলেন, ‘পার্টনার প্রকল্প কৃষি খাতে একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন, বাজারব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টি সম্ভব হচ্ছে।’

দিনব্যাপী আয়োজনে বিভিন্ন কৃষি সংশ্লিষ্ট অংশীজন, কৃষক প্রতিনিধি ও স্থানীয় উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। তারা কৃষি খাতের উন্নয়নে করণীয় বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

উল্লেখ্য, বিশ্বব্যাংক ও আইএফএডের সহযোগিতায় বাস্তবায়িত পার্টনার প্রকল্পটি দেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা জালিস মাহমুদ।

বাংলাদেশ সময়: ১৫:১৩:০৭ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ