
সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে ফেসবুকে একটি সংবাদ ও ভিডিও শেয়ার করাকে কেন্দ্র করে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রবিউল হাসান মনিরকে লাঞ্ছিত ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঝালকাঠির রাজাপুর উপজেলার ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে কাউখালী রূপালী ব্যাংক সড়কে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
অভিযোগে জানা যায়, সম্প্রতি রাজাপুর উপজেলার ওই ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম তালুকদার তার অফিসে এক কর্মচারী ও তার স্ত্রীকে মারধর করেছেন- এমন অভিযোগ তুলে স্থানীয় সংবাদকর্মীরা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেন এবং ভুক্তভোগীদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিও ও সংবাদ লিংক সাংবাদিক রবিউল হাসান মনির তার ফেসবুক আইডি থেকে শেয়ার করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই কর্মকর্তা।
এ ঘটনায় প্রকাশ্যে সাংবাদিককে লাঞ্ছিত করা হয় এবং হত্যার হুমকি ও সাংবাদিকতা নিয়ে কটূক্তি করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এর আগেও তাকে চলার পথে ও ফোনে হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।
সাংবাদিক রবিউল হাসান মনির বলেন, ‘ওই ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম তালুকদার খুব উগ্র প্রকৃতির লোক। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের সংবাদ ও ভিডিও প্রকাশ হয়েছে। আমি শুধু একটি ভিডিও শেয়ার করায় আমাকে মবের মাধ্যমে লাঞ্ছিত করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।’
অন্যদিকে অভিযুক্ত কামরুল ইসলাম তালুকদার বলেন, তার কর্মস্থলের একটি ঘটনার ভিডিও ফেসবুকে শেয়ার করার পর সেটি মুছে ফেলার অনুরোধ জানালে সাংবাদিকের সঙ্গে তার কথাকাটাকাটি ও অশোভন আচরণের ঘটনা ঘটে।