
সাগরকন্যা প্রতিবদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে কম ওজনে পণ্য দেওয়াসহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সোমবার চরএককরিয়া ইউনিয়নের তেমুহনি রাড়ী বাড়ির দরজা ও ২নং ওয়ার্ড লস্করপুর ইউনিয়ন পরিষদ এলাকায় মেসার্স মুসকান এন্টারপ্রাইজের মাধ্যমে এ বিতরণ কার্যক্রম চলাকালে এ অভিযোগ পাওয়া যায়।
একাধিক সুবিধাভোগী গণমাধ্যমকে জানান, সরকার নির্ধারিত ৫ কেজি চালের পরিবর্তে সাড়ে ৪ কেজি, ১ কেজি চিনির পরিবর্তে ৮০০ গ্রাম এবং ডাল ২০০ গ্রাম করে কম দেওয়া হয়েছে। তারা আরও জানান, সরেজমিনে মেপে দেখার পর কম পরিমাণ দেওয়ার বিষয়টি প্রমাণ পাওয়া যায়।
সূত্রে জানা গেছে, কাগজপত্রে মেসার্স মুসকান এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর হিসেবে বিপ্লব খানের নাম থাকলেও স্থানীয়ভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্য একটি পক্ষ পণ্য উত্তোলন ও বিতরণ কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ রয়েছে। অভিযোগে বলা হয়, স্থানীয় যুবদল নেতা রাসেল ও স্বেচ্ছাসেবক দল নেতা জসিম মিলে জোরপূর্বক বিতরণ কার্যক্রম নিয়ন্ত্রণ করছেন এবং সরকার নির্ধারিত মাপে পণ্য বিতরণ করা হচ্ছে না।
এর আগে একই ইউনিয়নে অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পণ্য বিতরণ কার্যক্রম বন্ধ করা হয়েছিল বলেও স্থানীয়রা দাবি করেন।
এ বিষয়ে মেসার্স মুসকান এন্টারপ্রাইজের মালিক বিপ্লব খান গণমাধ্যমকে জানান, ডিলার ছাড়া টিসিবির পণ্য অন্য কেউ বিক্রি করতে পারে না, করলে তা দণ্ডনীয় অপরাধ। তিনি অভিযোগ করে বলেন, ‘চরএককরিয়া ইউনিয়নে আমার লাইসেন্স ব্যবহার করে অন্যরা জোরপূর্বক পণ্য উত্তোলন করে বিতরণ করছে এবং সরকার নির্ধারিত মাপে পণ্য দেওয়া হচ্ছে না।’ তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করে সঠিকভাবে কার্ডধারীদের মাঝে পণ্য বিতরণের সুযোগ নিশ্চিত করার অনুরোধ জানান।
অভিযুক্ত যুবদল নেতা রাসেল ও স্বেচ্ছাসেবক দল নেতা জসিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজুর রহমান জানান, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।