চট্টগ্রামে জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য শক্তিতে জোর দেওয়ার আহ্বান

হোম » চট্টগ্রাম » চট্টগ্রামে জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য শক্তিতে জোর দেওয়ার আহ্বান
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬


 

চট্টগ্রামে জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য শক্তিতে জোর দেওয়ার আহ্বান

সাগরকন্যা প্রতিবেদক, চট্টগ্রাম

বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা ও মধ্যপ্রাচ্যকেন্দ্রিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ পরিস্থিতি মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘পরিবেশ ও প্রতিবেশ ফোরাম-চট্টগ্রাম’ এ দাবি তুলে ধরে। এতে জানানো হয়, হরমুজ প্রণালী নির্ভর আমদানির কারণে দেশের জ্বালানি সরবরাহ সরাসরি বৈশ্বিক উত্তেজনার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

 

বিশেষজ্ঞদের মতে, দেশের প্রায় ৮০ শতাংশ অপরিশোধিত তেল ও ৬৫ শতাংশ এলএনজি আমদানি হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল। এতে ওই অঞ্চলে অস্থিরতা দেখা দিলে বিদ্যুৎ উৎপাদন, শিল্প ও কৃষিখাতে সরাসরি প্রভাব পড়ে।

 

সংবাদ সম্মেলনে বলা হয়, গ্যাস সংকট ও আমদানি ব্যয় বৃদ্ধির কারণে ইতোমধ্যে অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে, যার প্রভাব মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভেও পড়ছে।

 

এ পরিস্থিতিতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। তারা জানান, এতে আমদানি নির্ভরতা কমিয়ে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়ানো সম্ভব।

 

সংবাদ সম্মেলনে জ্বালানি খাতে ভর্তুকি পুনর্বিন্যাস, সৌরবিদ্যুৎ প্রকল্প সম্প্রসারণ, বৈদ্যুতিক যানবাহন চালু এবং দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদারের সুপারিশও করা হয়।

 

বক্তারা বলেন, সময়মতো কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে জ্বালানি সংকট আরও গভীর অর্থনৈতিক চাপে পরিণত হতে পারে।

বাংলাদেশ সময়: ১৬:১১:৫৪ ● ৫১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ