সাগরকন্যা প্রতিবেদক, বোরহানউদ্দিন (ভোলা)
বিয়ের পর নববধূকে হেলিকপ্টারে করে ঢাকা থেকে নিজ গ্রামে নিয়ে ফিরেছেন ভোলার বোরহানউদ্দিনের এক ফ্রান্সপ্রবাসী যুবক। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে গ্রামে ভিড় করেন শত শত মানুষ। নবদম্পতির আগমন ঘিরে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে ছিল আনন্দ-উচ্ছ্বাস।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে হেলিকপ্টারে নববধূকে নিয়ে টবগী ইউনিয়নে অবতরণ করেন মো. শাহিন ফকির। তিনি উপজেলার টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরকান্দি গ্রামের সর্দার বাড়ির মো. সিরাজের ছেলে। দীর্ঘ সাত বছর ধরে ফ্রান্সে বসবাস করছেন শাহিন।
সম্প্রতি ঢাকার চিটাগাং রোডের সাদ্দাম মার্কেটসংলগ্ন কর্নক টাওয়ারে পারিবারিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মারজিয়া মীমের সঙ্গে বিয়ে হয় তাঁর। বিয়ের পর নববধূকে হেলিকপ্টারে করে নিজ গ্রামে নিয়ে আসার শখ ছিল শাহিনের। একই ইচ্ছা ছিল তাঁর মা-বাবারও। অবশেষে বুধবার সেই শখ পূরণ করেন তিনি।
জানা গেছে, আগের দিন গ্রামে ফেরার পরিকল্পনা থাকলেও সরকারি সফরকে কেন্দ্র করে আকাশসীমায় বিধিনিষেধ থাকায় তা সম্ভব হয়নি। পরে বুধবার নির্ধারিত সময়ে হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফেরেন শাহিন।
নিজের অনুভূতি জানিয়ে শাহিন ফকির বলেন, ‘বিয়ে তো অনেকেই করেন, প্রত্যেকের আয়োজনও থাকে ভিন্ন ভিন্ন। আমি চেয়েছি সবার চেয়ে একটু ব্যতিক্রমভাবে জীবনের এই বিশেষ মুহূর্তটি উদ্যাপন করতে। সেই ভাবনা থেকেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে নববধূকে নিয়ে আসার আয়োজন করেছি।’
হেলিকপ্টার অবতরণের খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকা থেকে ছুটে আসেন উৎসুক মানুষ। কেউ মোবাইল ফোনে নবদম্পতির আগমনের দৃশ্য ধারণ করেন, কেউ আবার সরাসরি দাঁড়িয়ে উপভোগ করেন ব্যতিক্রমী এই আয়োজন।
স্থানীয়দের ভাষ্য, গ্রামে সচরাচর হেলিকপ্টার অবতরণ করতে দেখা যায় না। তাই নববধূকে হেলিকপ্টারে করে গ্রামে নিয়ে আসার এই আয়োজন ঘিরে ব্যাপক কৌতূহল ও উৎসাহ তৈরি হয়।