পিরোজপুরে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ৩ লাখ

হোম » পিরোজপুর » পিরোজপুরে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ৩ লাখ
রবিবার ● ১২ এপ্রিল ২০২৬


 

পিরোজপুরে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ৩ লাখ

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুর সদর উপজেলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে একটি ইটভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়েছে।

 

রবিবার (১২ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে হুলারহাট এলাকায় পরিচালিত এ অভিযানে রাহি ব্রিকসকে ইট পোড়ানোর কাজে অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পরিবেশের ক্ষতি রোধে ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়।

 

একই অভিযানে মেসার্স অভি ব্রিকসকে প্রয়োজনীয় লাইসেন্স ও ছাড়পত্র ছাড়াই ইটভাটা স্থাপনের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫(১), ৫(২) ও ১৫(১) ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আল আসিফ ও ফারদীন মনীর অর্ণব। এ সময় পরিবেশ অধিদপ্তর পিরোজপুরের উপপরিচালক নিখিল চন্দ্র ঢালীসহ ফায়ার সার্ভিস ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা জানান, ‘পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। আইন অমান্য করে যারা ইটভাটা পরিচালনা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ২২:২৬:২৬ ● ১০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ