বরগুনায় হামে তিনজনের মৃত্যু, আক্রান্ত দুই শতাধিক

হোম পেজ » সর্বশেষ » বরগুনায় হামে তিনজনের মৃত্যু, আক্রান্ত দুই শতাধিক
রবিবার ● ১২ এপ্রিল ২০২৬


 

বরগুনায় হামে তিনজনের মৃত্যু, আক্রান্ত দুই শতাধিক

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

বরগুনায় হামের প্রাদুর্ভাবে তিনজনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন দুই শতাধিক। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ২২১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরগুনা সদর জেনারেল হাসপাতালে সর্বোচ্চ ১৯৬ জন চিকিৎসা নিয়েছেন। এছাড়া পাথরঘাটায় ৬ জন, তালতলীতে ৮ জন, বামনায় ৩ জন, বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং অন্যান্য হাসপাতালে ৬ জন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা স্বাস্থ্য বিভাগ বিশেষ সতর্কতা অবলম্বন করছে।

 

৭ এপ্রিল সিভিল সার্জন কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়। এর মধ্যে পাথরঘাটা উপজেলায় একজন এবং সদর উপজেলায় দুইজন রয়েছেন।

 

আক্রান্তদের মধ্যে ১৭৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সরেজমিনে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শিশুদের পাশাপাশি কিছু বয়স্ক রোগীকেও হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে দেখা গেছে।

 

পরিস্থিতি মোকাবিলায় নেওয়া পদক্ষেপ সম্পর্কে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘হামের ভাইরাস বায়ুবাহিত হওয়ায় সংক্রমণ দ্রুত ছড়ায়। তাই আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালের নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।’ তিনি জানান, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। জেলায় ২৭ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং ইতোমধ্যে ১৫ হাজার শিশুকে টিকা দেওয়া হয়েছে।

 

উপসর্গ দেখা মাত্র দেরি না করে আক্রান্তদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া এবং আইসোলেশনে রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো চিকিৎসা ও সচেতনতাই এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ২২:২২:৫৭ ● ৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ