কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন
শনিবার ● ১১ এপ্রিল ২০২৬


 

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটা সমুদ্র সৈকতের পশ্চিম পাশে পুরনো শুঁটকি পল্লী এলাকায় জোয়ারের পানির সঙ্গে ভেসে আসে প্রায় ৮ ফুট লম্বা একটি মৃত ইরাবতী ডলফিন। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যার দিকে মৃত ডলফিনটি দেখে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ডলফিনটির শরীরের চামড়া উঠে গেছে, পেট ফেটে গেছে এবং বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। স্থানীয় আব্দুল জলিল প্রথম ডলফিনটি দেখতে পেয়ে বিষয়টি বন বিভাগকে জানায়।

 

বন বিভাগ জানায়, এটি একটি ইরাবতী ডলফিন। গোলাকার মাথা এবং ঠোঁটবিহীন গঠনের জন্য এ প্রজাতি সহজেই শনাক্তযোগ্য। সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়ার অগভীর উপকূলীয় জল ও বড় নদীতে এদের বসবাস। এটি একটি বিপন্ন প্রজাতি, যা সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘এ ধরনের ঘটনা আমাদের জন্য অশনিসংকেত। ডলফিনের মৃত্যু উপকূলীয় পরিবেশের অবনতির ইঙ্গিত দেয়। দ্রুত কারণ অনুসন্ধান করে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।’

 

উপকূল পরিবেশ রক্ষার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, ‘বারবার মৃত ডলফিন ও কচ্ছপ ভেসে আসা প্রমাণ করে আমাদের সামুদ্রিক পরিবেশ হুমকির মুখে। অনিয়ন্ত্রিত মাছ ধরা, প্লাস্টিক দূষণ এবং নৌযানের অসচেতন চলাচল এর জন্য দায়ী হতে পারে।’

 

বন বিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ডলফিনটির মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে তদন্ত চলছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয়দের সচেতন করতে কাজ করা হচ্ছে।

 

পরে ডলফিন রক্ষা কমিটি, কুয়াকাটা পৌরসভা, বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা যৌথভাবে মৃত ডলফিনটি মাটি চাপা দেন।

বাংলাদেশ সময়: ২১:৪৮:১৬ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ