
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের শংকরপাশা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা মোসা. ময়না বেগম বাদী হয়ে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ৩১ মার্চ রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে মিঠু হাওলাদার ও তার চাচাতো ভাই লিমন হাওলাদার বসতবাড়ির পাশের একটি মুদি দোকানে বসে ছিলেন। এ সময় এলাকায় বিদ্যুৎ চলে গেলে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা আসিফ ব্যাপারী ও সাগর ব্যাপারী দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুইজনই গুরুতর রক্তাক্ত জখম হন। পরে তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল এবং তাদের গ্রামছাড়া করার পরিকল্পনা করছিল। বর্তমানে তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
এ বিষয়ে অভিযুক্ত আসিফ ব্যাপারী ও সাগর ব্যাপারীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে সমাধান করা হবে।
তবে ভুক্তভোগী পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে নির্যাতনের কারণে স্থানীয়ভাবে কোনো সমাধান পাচ্ছেন না তারা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।