
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী উপজেলার দিয়াশুর (বাংলা বাজার) এলাকায় সরকারি বরাদ্দে নির্মাণাধীন একটি সাইক্লোন শেল্টার থেকে প্রায় ৭ টন রড চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল। তিনি জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান সাঁন্টু ট্রেডার্সের মালিক ও গৌরনদী পৌরসভার সাবেক মেয়র মো. আলাউদ্দিন ভূঁইয়ার পক্ষ থেকে মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে।
পুলিশ জানায়, তদন্তের একপর্যায়ে দক্ষিণ দিয়াশুর গ্রামের মুনসুর সরদারের ছেলে সুমন সরদার ও একই গ্রামের মৃত লুৎফর চৌকিদারের ছেলে ইব্রাহীম চৌকিদারকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে মজিবর রহমানকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন সরদার স্বীকার করেন, এলাকার কয়েকজন যুবক- রনি, রাব্বি, কাইয়ুম ও মিলন- তাদের কাছে রড বিক্রির প্রস্তাব দেন এবং বিক্রির পর টাকা দেওয়ার আশ্বাস দেন।
অন্যদিকে গ্রেপ্তার মজিবর রহমান জানান, তিনি সুমন সরদারের কাছ থেকেই রডগুলো কিনেছেন। তার দাবি, সুমন তার ভবনের মিস্ত্রি হিসেবে কাজ করতেন। রডগুলো একটি ফার্ম থেকে মেপে আনার সময় স্থানীয় এক ব্যক্তি জানতে চাইলে তাকে বলা হয়, রডগুলো আজিজুলের- এ কথা শুনে তিনি আর কিছু বলেননি।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সাইট ম্যানেজার ছুটি শেষে কাজে এসে নির্মাণাধীন ভবনের রডসহ মিস্ত্রিদের ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিও নিখোঁজ দেখতে পান।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আলাউদ্দিন ভূঁইয়া বলেন, ‘কাজ শুরুর পর থেকেই একটি চক্র ধারাবাহিকভাবে চুরি করে আসছে। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’
ওসি মো. তারিক হাসান রাসেল জানান, এই চুরির ঘটনায় এলাকার আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকতে পারেন। তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।