
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় গুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরোর (৮৭) মৃত্যুর ৯৯ দিন পর তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া আগামীকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে শনিবার (২৮ মার্চ) রাত ১০টা পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী পাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, অন্ত্যেষ্টিক্রিয়া মাঠ পরিদর্শন, অন্তিম রথযাত্রা, শবদেহ পালং দোলনা শান্তিরকুঠি দানকারীদের হাতে হস্তান্তর, ভিক্ষু সংঘের পিণ্ডদান, অতিথি আপ্যায়ন এবং শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
অনুষ্ঠানের শেষ দিনে আতশবাজি প্রজ্বালনের মাধ্যমে মহাথেরোর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। তিন দিনব্যাপী এ আয়োজনকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলের পাশে বসছে রকমারি দোকানপাট। এছাড়া সপ্তাহব্যাপী নৃত্য মহড়া চলছে, যেখানে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকার শিল্পীরা অংশ নেবেন।
ভদন্ত উকোইন্দা মহাথেরো ২০২৫ সালের ১৭ ডিসেম্বর উপজেলার তুলাতলী পাড়া বৌদ্ধ বিহারে পরলোকগমন করেন। তিনি ৬৬ বছর বর্ষাবাস জীবনযাপন করেছেন বলে জানা গেছে। এর আগে ১৯৯৭ সালে উপজেলার লতাচাপলী ইউনিয়নের কালাচান পাড়ায় উচোনা মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছিল।
অন্ত্যেষ্টিক্রিয়া কমিটির সাধারণ সম্পাদক মংচো তালুকদার জানান, ইতোমধ্যে অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন পর এমন আয়োজন হওয়ায় মানুষের আগ্রহও ব্যাপক।