মোবাইল প্রেমের করুণ পরিণতি এক জেলা থেকে অন্য জেলায় প্রেমিকার বাড়িতে বিষপানে তরুণের মৃত্যু

হোম পেজ » চট্টগ্রাম » মোবাইল প্রেমের করুণ পরিণতি এক জেলা থেকে অন্য জেলায় প্রেমিকার বাড়িতে বিষপানে তরুণের মৃত্যু
বুধবার ● ২৫ মার্চ ২০২৬


 

নিহত মারুফ। ছবি- সংগৃহীত

সাগরকন্যা প্রতিবেদক, লক্ষ্মীপুর

মোবাইল ফোনে পরিচয় থেকে গড়ে ওঠা প্রেম- শেষ পর্যন্ত রূপ নিল এক মর্মান্তিক পরিণতিতে। প্রেমিকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরে দূর জেলা থেকে ছুটে এসে তার বাড়িতেই বিষপান করে আত্মহত্যা করেছেন এক তরুণ, যা দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

 

নিহত মারুফ (১৮) পেশায় কাঠমিস্ত্রি ছিলেন এবং বাবার সঙ্গে কাজ করতেন। চার মাস আগে মোবাইল ফোনে কুষ্টিয়ার এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় প্রেমে রূপ নেয় এবং বিষয়টি দুই পরিবারই জানত। তবে সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয় বলে জানিয়েছে পরিবার।

 

স্বজনদের তথ্য অনুযায়ী, ঈদের ছুটিতে ঢাকায় ফুফুর বাসায় অবস্থান করছিলেন মারুফ। সেখান থেকে প্রেমিকার সঙ্গে দেখা করতে তিনি কুষ্টিয়ায় যান। প্রেমিকার বাড়িতে গিয়ে হঠাৎ বিষপান করলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার কয়েক ঘণ্টা পর প্রেমিকাই ফোন করে মারুফের পরিবারকে তার মৃত্যুর খবর দেন বলে জানান স্বজনরা। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা-মা। আত্মীয়-স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। তারা বলেন, মোবাইল ফোনের সামান্য পরিচয় এমন ভয়াবহ পরিণতি ডেকে আনবে- এটি তাদের কল্পনারও বাইরে ছিল।

 

এদিকে মরদেহ আনতে পরিবারের সদস্যরা ইতোমধ্যে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

 

ঘটনাটি মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ঘটে। নিহত মারুফ লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়নের বাসিন্দা।

বাংলাদেশ সময়: ৮:১৫:০৮ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ