জ্বালানি সংকটে লাইটার জাহাজ বন্ধ, মোংলা বন্দরে পণ্য খালাসে ধীরগতি

হোম পেজ » লিড নিউজ » জ্বালানি সংকটে লাইটার জাহাজ বন্ধ, মোংলা বন্দরে পণ্য খালাসে ধীরগতি
বুধবার ● ১৮ মার্চ ২০২৬


 

জ্বালানি সংকটে লাইটার জাহাজ বন্ধ, মোংলা বন্দরে পণ্য খালাসে ধীরগতি

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

ইরান-ইসরায়েল উত্তেজনার প্রভাবে মোংলা বন্দরে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। তেলের অভাবে লাইটার জাহাজ চলাচল বন্ধ হয়ে পণ্য খালাসে ধীরগতি সৃষ্টি হয়েছে এবং বাড়ছে জাহাজের জট।

 

মোংলা বন্দরের বহির্নোঙরে সারি সারি লাইটার জাহাজ অলস পড়ে আছে। আগের মতো কর্মচাঞ্চল্য নেই। বৈশ্বিক ভূ-রাজনৈতিক অস্থিতিশীলতা, বিশেষ করে ইরান-ইসরায়েল উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় এর সরাসরি প্রভাব পড়েছে বন্দরের পরিবহন খাতে। তেলের সংকটে পণ্য খালাস ও পরিবহন কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। অধিকাংশ লাইটার জাহাজ বসে থাকায় মাদার ভেসেল থেকে পণ্য স্থানান্তরে দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে।

 

মোংলা তেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল সাগরকন্যাকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী শুধু পাম্প ব্যবসায়ীদেরকে তেল সরবরাহ করা হচ্ছে। বাকিদের তেল দেওয়া হচ্ছে না। এ কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

 

সংশ্লিষ্টরা জানান, জ্বালানি সংকটে অধিকাংশ লাইটার জাহাজ অলস পড়ে থাকায় মাদার ভেসেল থেকে ছোট জাহাজে পণ্য খালাসের গতি কমে গেছে। এতে বন্দরে জাহাজের জট তৈরির শঙ্কা দেখা দিয়েছে।

 

লাইটার জাহাজ মালিক মো. সফিক বলেন, তেলের অভাবে মোংলা বন্দরের পশুর চ্যানেলে সারি সারি শত শত লাইটার জাহাজ দাঁড়িয়ে আছে। পর্যাপ্ত তেল না থাকায় এসব জাহাজ গন্তব্যে যেতে পারছে না।

 

ট্যুরিস্ট জাহাজ ব্যবসায়ী মো. সোহাগ মোল্লা জানান, ঈদের দীর্ঘ ছুটিতে দেশি-বিদেশি পর্যটকদের সুন্দরবন ভ্রমণের পরিকল্পনা থাকলেও তেলের অভাবে তা সম্ভব হচ্ছে না।

 

তবে মাঠপর্যায়ে সংকটের চিত্র প্রকট হলেও মোংলা বন্দর কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো. কামাল হোসেন জানান, বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং তেল সংকট নিয়ে এখন পর্যন্ত তাদের কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আসেনি।

বাংলাদেশ সময়: ১১:৫৬:৪৭ ● ১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ