কলাপাড়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে নারীর দুই হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে নারীর দুই হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ
বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬


 

কলাপাড়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে নারীর দুই হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের রসুলপুর গ্রামে খাস জমি দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে মোসাঃ নার্গিস বেগম (৩৫) নামে এক নারীর দুই হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে। হামলায় তার স্বজনসহ আরও দুইজন আহত হয়েছেন বলেও জানানো হয়।

 

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ১ নং ওয়ার্ডে ঘটে এই ঘটনা। স্থানীয়রা জানান, প্রায় পাঁচ বছর ধরে নার্গিস বেগম ও তার পরিবার ওয়াপদার পাশে খাস জমিতে বসতঘর নির্মাণ করে বসবাস করছিলেন। অভিযোগে বলা হয়, স্থানীয় বিএনপি ইউপি সদস্য ও যুবদল নেতারা ওই জমি দখলের চেষ্টা চালিয়ে এক সপ্তাহ ধরে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। হামলার সময় ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বাড়িতে ঢুকে অতর্কিত মারধর শুরু করে।

 

নার্গিস বেগম বলেন, সোহেল মেম্বার আমাকে বাড়ি ছাড়তে বললেও আমি যেতে চাইনি। গতকাল তার নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা এসে আমাকে পিটিয়ে দুই হাত ভেঙে ও শরীরে গুরুতর আঘাত করেছে।

 

অভিযুক্ত সোহেল হাওলাদার অভিযোগ অস্বীকার করেছেন। মহিপুর থানার পরিদর্শক (ওসি) মোহব্বত খান জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:৫১:১০ ● ৩৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ