
সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)
বরগুনার বামনায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ডৌয়াতলা সদর একাডেমিকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পিরোজপুরের নিউ বয়েজ স্পোর্টিং ক্লাব।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে বামনা উপজেলার হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ মাঠে ‘মাইক্রোটেক্স ডিজাইন’-এর সৌজন্যে আয়োজিত টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে দুই দল গোল করতে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। এ সময় অনুষ্ঠানের সভাপতি ও মাইক্রোটেক্স ডিজাইনের চেয়ারম্যান আলহাজ্ব মো. রুহুল আমিন শরীফ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মণি বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি খেলাধুলাকে অগ্রাধিকার দিতে হবে। খেলাধুলার মাধ্যমে প্রতিভাবান ক্রীড়াবিদেরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বাড়াতে পারেন। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য খেলাধুলার সুযোগ বাড়ানো প্রয়োজন। স্থানীয় পর্যায়ে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে। ক্রীড়াঙ্গনের বিকাশ ও সামাজিক সম্প্রীতি বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এর আগে পায়রা উড়িয়ে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি। এ সময় হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম ও উপাধ্যক্ষ মিলন কৃষ্ণ হালদার তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নিকহাত আরা, বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন খান, বরগুনা জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ুন হাসান শাহীন, বামনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হাওলাদার, চিফ হুইপের একান্ত সচিব মো. তৌহিদুল ইসলাম তৌহিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল কুরাইশী বাবু, ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান মামুন, বামনা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মল্লিক, প্যানেল চেয়ারম্যান আবু সালেহ, উপজেলা ছাত্রদলের সভাপতি নাসির উদ্দিন জমাদ্দার ও সাধারণ সম্পাদক সজীব হোসেন মুন্না।
এ ছাড়া উপস্থিত ছিলেন বরগুনা জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম শফিকুর জামান মাহফুজ, কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।
আয়োজক ও স্থানীয় ব্যক্তিরা মনে করেন, এ ধরনের প্রতিযোগিতা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি ক্রীড়াসংস্কৃতির প্রসার, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রাখবে।