বিয়ের দাবিদাওয়ার জেরে দশমিনায় তরুণীর রহস্যজনক মৃত্যু

হোম পেজ » পটুয়াখালী » বিয়ের দাবিদাওয়ার জেরে দশমিনায় তরুণীর রহস্যজনক মৃত্যু
শুক্রবার ● ৬ মার্চ ২০২৬


 

বিয়ের দাবিদাওয়ার জেরে দশমিনায় তরুণীর রহস্যজনক মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ফুফু বাড়িতে বেড়াতে গিয়ে তামান্না আক্তার (১৮) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার ৭ নম্বর চরবোরহান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিন বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত তামান্না আক্তার দশমিনা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলী আকবর চৌকিদারের মেয়ে।

 

পারিবারিক সূত্রে জানা যায়, তামান্না আক্তার দীর্ঘদিন ধরে গলাচিপা উপজেলার চরমন্তাজ ইউনিয়নের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। শুরুতে পরিবার এ সম্পর্ক মেনে না নিলেও পরে উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ের বিষয়টি চূড়ান্ত করা হয়। কয়েকদিন আগে তিনি চরবোরহান ইউনিয়নে ফুফু বাড়িতে বেড়াতে যান।

 

বৃহস্পতিবার দিবাগত রাতে ফুফুর ঘরে কেউ না থাকার সুযোগে তিনি বিষ পান করেন বলে পরিবারের সদস্যরা জানান। পরে তাকে ডাকতে গিয়ে ঘরের সামনে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে তামান্নার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দশমিনায় নিয়ে যান।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের আলোচনা চলাকালে ছেলের পক্ষ থেকে সোনার গহনা ও একটি মোটরসাইকেল দাবি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে তামান্নার বাবা ওই দাবি পূরণে অপারগতা প্রকাশ করলে দুই পরিবারের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।

 

নিহতের বাবা আলী আকবর চৌকিদার বলেন, ছেলে-মেয়ে দুজন একে অপরকে ভালোবাসত। ছেলের পক্ষ থেকে প্রস্তাব আসার পর আমরা তাদের বিয়েতে রাজি হই। ঈদের দুই দিন পর মেয়ে নিয়ে যাওয়ার কথাও ছিল। শুরুতে কোনো পাওনা চাওয়া হয়নি। তবে কয়েকদিন আগে সোনার গহনা ও অন্যান্য জিনিসপত্রের দাবি করা হয়। আমি বলেছি, এখন আমার পক্ষে তা দেওয়া সম্ভব নয়, কোরবানির ঈদ পর্যন্ত সময় লাগবে। এরপর কী হয়েছে আমি জানি না। আজ শুনলাম আমার মেয়ে ফুফু বাড়িতে বিষ পান করে মারা গেছে।

 

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টিকে রহস্যজনক উল্লেখ করে বলেন, বিয়েকে কেন্দ্র করে কোনো ধরনের চাপ বা হুমকি দেওয়া হয়ে থাকলে তথ্যপ্রযুক্তির সহায়তায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন।

 

দশমিনা থানার পরিদর্শক (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, তামান্নার ফুফুর মাধ্যমে বিষয়টি পুলিশকে জানানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি তরমুজ ক্ষেতে ব্যবহৃত বিষ পান করেছেন। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৫৫ ● ৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ