কুয়াকাটা উপকূলে জেলিফিসের উপদ্রব, মাছ ধরা ব্যাহত

হোম পেজ » লিড নিউজ » কুয়াকাটা উপকূলে জেলিফিসের উপদ্রব, মাছ ধরা ব্যাহত
শুক্রবার ● ৬ মার্চ ২০২৬


 

কুয়াকাটা উপকূলে জেলিফিসের উপদ্রব, মাছ ধরা ব্যাহত

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আবারও বেড়েছে জেলিফিসের উপদ্রব। গভীর সাগর থেকে ভেসে আসা অসংখ্য মরা জেলিফিসে সয়লাব হয়ে গেছে কুয়াকাটা সমুদ্রসৈকতের চর গঙ্গামতি ও কাউয়ার চর এলাকা। ফলে মাছ ধরা ব্যাহত হওয়ায় বেকায়দায় পড়েছেন স্থানীয় শত শত জেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সাগরে জাল ফেললেই মাছের পরিবর্তে ঝাঁকে ঝাঁকে জেলিফিস উঠে আসছে। এতে জেলের জাল নষ্ট হওয়ার পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে। ফলে অনেক জেলে বাধ্য হয়ে সাময়িকভাবে মাছ ধরা বন্ধ রেখেছেন।

 

কুয়াকাটা গঙ্গামতির জেলে রফিক মাঝি জানান, জাল ফেললেই মাছের বদলে জেলিফিস উঠছে। এগুলো জালে আটকে গেলে জাল ক্ষতিগ্রস্ত হয়, আবার শরীরে লাগলে চুলকানি ও জ্বালাপোড়া করে। তাই এখন অনেকেই সাগরে যেতে ভয় পায়।

 

আরেক জেলে কুয়াকাটার মেলাপাড়া এলাকার আবুল কালাম জানান, সাগরে জাল ফেললে প্রায় পুরো জাল জেলিফিসে ভরে যায়। এতে মাছ পাওয়া যায় না, উল্টো জাল পরিষ্কার করতে অনেক সময় লাগে। কয়েকদিন ধরে তাই অনেক ট্রলার সাগরে যাচ্ছে না।

 

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামের মতে, সাগরের গভীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া, পানির তাপমাত্রা বৃদ্ধি এবং জেলিফিসভোজী কচ্ছপের সংখ্যা কমে যাওয়ায় জেলিফিসের বিস্তার বাড়ছে।

 

এ বিষয়ে ওই কর্মকর্তারা জানান, সাগরে এ ধরনের পরিস্থিতি মৌসুমি কারণে হয়ে থাকে। সাধারণত কয়েকদিন থেকে দুই সপ্তাহের মধ্যে জেলিফিসের সংখ্যা কমে আসার কথা এবং তখন মাছ ধরা স্বাভাবিক হয়ে যাবে।

 

উল্লেখ্য, চলতি মৌসুমে প্রায় ২০ দিন আগেও জেলিফিসের উৎপাতে একইভাবে মাছ শিকারে বেকায়দায় পড়েছিলেন কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের জেলেরা।

বাংলাদেশ সময়: ১৫:৩২:৪৪ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ