ফেসবুক পোস্ট-মারধরে মৃত্যুর অভিযোগ কলাপাড়ায় হত্যা মামলা; অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার

হোম পেজ » লিড নিউজ » ফেসবুক পোস্ট-মারধরে মৃত্যুর অভিযোগ কলাপাড়ায় হত্যা মামলা; অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার
বুধবার ● ৪ মার্চ ২০২৬


 

ফেসবুক পোস্ট-মারধরে মৃত্যুর অভিযোগ, কলাপাড়ায় হত্যা মামলা; অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে। সম্প্রতি কলাপাড়ায় ফেসবুক পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর ঘটনায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

বুধবার (৪ মার্চ) কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিটি প্রেরণ করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া।

 

এর আগে পটুয়াখালীর কলাপাড়ায় ফেসবুকে পোস্ট ও কমেন্ট করাকে কেন্দ্র করে নীলগঞ্জ ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামের মো. ইদ্রিস (৪৫) নামে এক ব্যক্তিকে মারধরের পর তার মৃত্যু হয়েছে- এমন অভিযোগ উঠে। নিহতের স্বজনদের অভিযোগ, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় পাখিমারা বাজার এলাকা থেকে তাকে ডেকে নিয়ে ইউনিয়ন যুবদলের কার্যালয়ে মারধর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।

 

তবে অভিযোগ অস্বীকার করে জহিরুল ইসলাম দাবি করেন, ইদ্রিস তার কাছে ক্ষমা চাইতে এসেছিলেন এবং কোনো মারধরের ঘটনা ঘটেনি। কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, মরদেহের ময়নাতদন্ত ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এছাড়া মঙ্গলবার জহিরুল ইসলামসহ ১৩জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৪:৫৭ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ