যুবদল নেতার অস্বীকার কলাপাড়ায় বেড়িবাঁধের গাছ কাটতে টাকা দাবির অভিযোগে বিক্ষোভ

হোম পেজ » পটুয়াখালী » যুবদল নেতার অস্বীকার কলাপাড়ায় বেড়িবাঁধের গাছ কাটতে টাকা দাবির অভিযোগে বিক্ষোভ
বুধবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৬


 

কলাপাড়ায় বেড়িবাঁধের গাছ কাটতে টাকা দাবির অভিযোগে বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নে গোলবুনিয়া গ্রামে বেড়িবাঁধ মেরামতকে কেন্দ্র করে গাছ কাটার জন্য টাকা দাবির অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

 

স্থানীয়রা জানান, বেড়িবাঁধ সংস্কারের জন্য অনেকেই নিজেদের বাড়ির সীমানায় লাগানো গাছ সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বশির হাওলাদার নামে এক ব্যক্তি গাছ কাটতে হলে তাকে টাকা দিতে হবে বলে জানান। টাকা না দিলে গাছ নিয়ে যাওয়ার হুমকি দেন বলেও অভিযোগ করেন তারা।

অভিযুক্ত বশির হাওলাদার চম্পাপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি বলে জানা গেছে।

 

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বশির হাওলাদার নিজেকে বন বিভাগের লোক পরিচয় দিয়ে বলেন, বন বিভাগের কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করতে টাকা দিতে হবে। এতে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েন। সমাবেশে বক্তব্য দেন স্থানীয় কৃষক ফয়সল মুন্সী, জেলে মো. মনির মল্লিক, রফিক হাওলাদার, আদম আলী শিকদার, মনির হাওলাদার, লিজা বেগম, সেতারা বেগম, শাহিনুর বেগম ও রাজমণি।

 

চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাসুম বিল্লাহ বলেন, বেড়িবাঁধের ওপর গাছ কাটা সরকারের বিষয়। সরকারি নিয়ম অনুযায়ী কাজ হবে, এখানে কারও হস্তক্ষেপের সুযোগ নেই। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলন বলেন, দলের কেউ জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

এ বিষয়ে কলাপাড়ায় ফরেস্টার মনিরুল ইসলাম জানান, গোলবুনিয়ায় বন বিভাগের একটি বাগান রয়েছে। তবে ব্যক্তিগত গাছ কাটার বিষয়ে কাউকে টাকা দিতে বা গাছ কাটতে বন বিভাগ থেকে বলা হয়নি। কলাপাড়া বন বিভাগ কর্মকর্তা মো. মোশাররফ হোসেন বলেন, বশির হাওলাদার নামে কাউকে তারা চেনেন না এবং তিনি বন বিভাগের কেউ নন।

অভিযুক্ত বশির হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, বন বিভাগের লোকজন এসে জানিয়েছে, যারা গাছ কাটবে তারা উপজেলা প্রশাসকের অনুমতি নিয়ে কাটবে। সে সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। তিনি দাবি করেন, তিনি কোনো টাকা চাননি বা গাছ কাটায় বাধা দেননি। রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই তার বিরুদ্ধে এ অভিযোগ তোলা হতে পারে।

বাংলাদেশ সময়: ১৯:৪৪:৫৬ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ