
সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমির সামনে ফুটপাত দখল করে অস্থায়ী দোকানি ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করছেন। ফলে পথচারীরা ফুটপাত ব্যবহার করতে না পেরে ঝুঁকি নিয়ে প্রধান সড়কে চলাচল করতে বাধ্য হচ্ছেন। এতে একদিকে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, অন্যদিকে সৃষ্টি হচ্ছে যানজট।
সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের সামনের অধিকাংশ ফুটপাত দখল করে বিভিন্ন পণ্যের দোকান বসানো হয়েছে। ফল, ভ্রাম্যমাণ খাবারসহ নানা ধরনের দোকান থাকায় ফুটপাত দিয়ে স্বাভাবিকভাবে চলাচল ব্যাহত হচ্ছে। ক্রেতাদের ভিড় বাড়লে পথচারীদের সড়কে নেমে হাঁটতে দেখা যায়।
পথচারীদের অভিযোগ, ফুটপাত দখলের কারণে তাদের বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে সড়কে হাঁটতে হচ্ছে। এতে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। স্থানীয় বাসিন্দা দবির হোসেন বলেন, ফুটপাত দিয়ে হাঁটার উপায় নেই। দোকানের কারণে আমাদের রাস্তায় নেমে হাঁটতে হয়।
আরেক পথচারী গিয়াস পাইক বলেন, ফুটপাত হকারদের দখলে। আমরা হাঁটার জায়গা পাই না। দুর্ঘটনার ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে।
এদিকে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিষয়ে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। স্থানীয়দের অভিযোগ, মাসিক চুক্তির মাধ্যমে চাঁদা দিয়ে তারা ফুটপাতে নির্দিষ্ট স্থানে ব্যবসা করেন।
এর আগে কয়েক দফা অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করার চেষ্টা করেছে প্রশাসন। তবে অভিযান শেষ হওয়ার পর আবারও দোকান বসানোর অভিযোগ রয়েছে।
এ বিষয়ে আগৈলঝাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক সাগর হাওলাদার জানান, বাজার কমিটির পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। প্রশাসন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে তিনি জানান।
ভেগাই হালদার পাবলিক একাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রি বলেন, বিদ্যালয়ের সামনের অংশ অবৈধভাবে ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সেখানে সৌন্দর্যবর্ধনমূলক কাজ করার পরিকল্পনা রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার বলেন, দখলদারদের পুনর্বাসনের জন্য বিকল্প জায়গা খোঁজা হচ্ছে। দ্রুত তাদের অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হবে।