কলাপাড়ায় নির্বাচন পরবর্তী অগ্নিসংযোগ ও দখল: বিএনপি নেতাদের পদক্ষেপে স্বস্তি

হোম পেজ » লিড নিউজ » কলাপাড়ায় নির্বাচন পরবর্তী অগ্নিসংযোগ ও দখল: বিএনপি নেতাদের পদক্ষেপে স্বস্তি
রবিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৬


 

কলাপাড়ায় নির্বাচন পরবর্তী অগ্নিসংযোগ ও দখল: বিএনপি নেতাদের পদক্ষেপে স্বস্তি

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় নির্বাচন পরবর্তী দখল ও অগ্নিসংযোগের তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে নেটিজেনদের তীব্র প্রতিক্রিয়ায় ফেসবুকে সমালোচনা শুরু হলে স্থানীয় বিএনপি ও থানা পুলিশ প্রশাসন যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। এতে কিছুটা স্বস্তি ফিরলেও ভিন্ন মত ও পথের মানুষ নিরাপত্তা শঙ্কায় রয়েছেন। নবনির্বাচিত সাংসদ এবিএম মোশাররফ হোসেনের এ বিষয়ে বক্তব্য সম্পর্কে বিএনপি নেতারা জানান, তিনি জনস্বার্থ ও আইন বিরোধী কর্মকান্ডে জড়িতদের কাউকে ছাড় দিবেন না।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জনের পর রাতেই উপজেলার কুয়াকাটা পর্যটন শহরের জিরো পয়েন্টে সরকারি জমিতে স্থাপনা তুলতে শুরু করে বহিষ্কৃত বিএনপি নেতা মন্নান মৃধা ও জসিম মৃধার নেতৃত্বে একটি প্রভাবশালী মহল। সোশ্যাল মিডিয়ায় এ তথ্য দ্রুত ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসন অপসারণের উদ্যোগ নেয়ার আগেই শনিবার রাতে কুয়াকাটা পৌর বিএনপি দখল প্রক্রিয়া বন্ধ করে দিয়ে নির্মাণ উপকরণ সরিয়ে দেয়।

 

কুয়াকাটা পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মতিউর রহমান হাওলাদার সাংবাদিকদের বলেন, এ ধরনের কাজের সাথে যারা জড়িত, তাদের বিতর্কিত কর্মকান্ডে বিএনপি পূর্বেই দল থেকে বহিস্কার করেছে। এখন বিএনপি’র পরিচয়ে কেউ আইন বিরোধী কর্মকান্ডে জড়িত হলে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। জনস্বার্থ ও আইন বিরোধী কর্মকান্ডে জড়িতদের কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।

 

অপরদিকে উপজেলার ধূলাসার ইউনিয়নের পূর্ব ধূলাসার গ্রামের আনিছা আক্তারের বসতঘর সংলগ্ন রান্নাঘরে শুক্রবার রাতের যেকোনো সময় অগ্নিসংযোগ করা হয়। এসময় ৪ বছরের শিশু সন্তানসহ পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। এ ঘটনায় রান্নাঘরে থাকা গেরস্থালি উপকরণ ও বীজ ধান ভস্মীভূত হয়ে দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ঘটনার পর আনিছা ও তার পরিবার নিরাপত্তা শঙ্কায় রয়েছেন।

 

মহিপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মি. শ্যামল ও উপ-পরিদর্শক জাকিরের নেতৃত্বে শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া ধূলাসার ইউনিয়ন বিএনপি’র সভাপতি আ. মন্নান হাওলাদার ও সম্পাদক মো. শাহজাদা হাওলাদারের নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীরা আনিছার বাড়ীতে গিয়ে তার নিরাপত্তা নিশ্চিতসহ সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন।

 

রবিবার দুপুরে বিএনপি নেতা শাহজাদা হাওলাদার গণমাধ্যমকে বলেন, ভুক্তভোগী আনিছা বিএনপি’র মহিলা বুথে এজেন্ট ছিলেন। ভোটের দিন প্রতিপক্ষ প্রার্থীর কর্মীদের সাথে তার কথা কাটাকাটির সময় তারা তাকে হুমকি দেয়। তবে আনিছা আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত ছিল তা বলতে পারেনি। আমরা এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণের দাবি করছি।

 

মহিপুর থানার ওসি মো. মহব্বত খান বলেন, বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ প্রাপ্তির ভিত্তিতে আইনী পদক্ষেপ নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪:৫২:১৭ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ