মাদকসংক্রান্ত বিরোধে চরফ্যাশনে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

হোম পেজ » ভোলা » মাদকসংক্রান্ত বিরোধে চরফ্যাশনে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
রবিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম ভূট্টু সৈয়াল (৪৫) কে মাদকসংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে রসুলপুর ইউনিয়নের কলেরহাট সড়কের মাথা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

 

এলাকা সূত্রে জানা যায়, নিহত ভূট্টু সৈয়ালের মেঝো ছেলে আমির হোসেন স্থানীয় বেল্লালের কাছে মাদক কেনার জন্য শুক্রবার ৪ হাজার টাকা দেন। পরদিন রাতে বেল্লাল ফোন করে আমির হোসেনকে ‘আমতলী’ নামে নির্জন স্থানে ডেকে নেন। সেখানে লতিফ মাঝির ছেলে বেল্লাল, কোব্বত আলী মাঝির ছেলে সম্রাট এবং আমজাদ উপস্থিত ছিলেন। মাদক সরবরাহ না করায় আমির হোসেন টাকা ফেরত চাইলে রাত ১০টা ২০ মিনিটের দিকে তাকে মারধর করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

 

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আমির হোসেনের বাবা আব্দুর রহিম ভূট্টু সৈয়াল অভিযুক্তদের গালিগালাজ করেন বলে জানা গেছে। এর জেরে শনিবার রাতে কলেরহাট সড়কের মাথায় তাকে পেছন দিক থেকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

 

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের চিকিৎসক ডা. আশরাফুল ইসলাম সুমন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

 

নিহতের মেয়ে চরফ্যাশন হাসপাতালে কান্নাজড়িত কণ্ঠে সাগরকন্যাকে বলেন, আমার বাবাকে যারা হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই। ৫ আগস্টের পর থেকে তারা আমার বাবার কাছ থেকে নিয়মিত চাঁদা নিত।

 

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম জানিয়েছেন, মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩:১৪:৩৪ ● ১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ