বরগুনা-১ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

হোম পেজ » বরগুনা » বরগুনা-১ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬


বরগুনা-১ আসনে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বৃহস্পতিবার বরগুনা-১ (আমতলী-বরগুনা সদর-তালতলী) আসনের নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট গণনা শেষে দেখা গেছে, এ আসনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী প্রয়োজনীয় ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৯ হাজার ৪৫৯ জন। প্রদত্ত ভোট পড়েছে ২ লাখ ৮৭ হাজার ৫০৫টি। প্রাপ্ত ফলাফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মোঃ মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ২৯০ ভোট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৫৪ ভোট। জাতীয় পার্টি-জেপি প্রার্থী মোঃ জামাল হোসাইন পেয়েছেন ৯৫৯ ভোট এবং ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গির হোসাইন পেয়েছেন ৫ হাজার ৪৮৩ ভোট।
নির্বাচন কমিশনের পরিপত্র অনুযায়ী, জামানত রক্ষার জন্য কোনো প্রার্থীকে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হয়। সে হিসেবে এ আসনে জামানত রক্ষায় প্রয়োজন ৩৫ হাজার ৯৩৮ ভোট। প্রয়োজনীয় ভোটের চেয়ে কম পাওয়ায় জাতীয় পার্টি-জেপি প্রার্থী মোঃ জামাল হোসাইন ও ১০ দলীয় ঐক্যজোট প্রার্থী অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গির হোসাইনের জামানত বাজেয়াপ্ত হবে।
আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিয়াউল হক বলেন, প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশ ভোট পেতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। বরগুনা-১ আসনে প্রদত্ত ভোটের ভিত্তিতে জামানত রক্ষায় ৩৫ হাজার ৯৩৮ ভোট প্রয়োজন ছিল। এ কারণে দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২৮:৫২ ● ৮৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ