বেনাপোলে ২ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

হোম পেজ » খুলনা » বেনাপোলে ২ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
সোমবার ● ৯ ফেব্রুয়ারী ২০২৬


 

বেনাপোলে ২ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার গাতিপাড়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

 

বর্ডার গার্ড বাংলাদেশ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এ তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল বিওপির একটি বিশেষ টহলদল গাতিপাড়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির গেটসংলগ্ন রাস্তার পাশ থেকে দুইটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।

 

উদ্ধারকৃত অস্ত্র ও গুলির অবৈধ বাজার মূল্য দুই লাখ ১০ হাজার ৪০০ টাকা। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

 

অধিনায়ক আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে অস্ত্র উদ্ধার করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭:৪৯:৪০ ● ৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ