সর্বশেষ

কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যা মহিপুরে প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

হোম পেজ » পটুয়াখালী » কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যা মহিপুরে প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
রবিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৬


 

কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যা, মহিপুরে প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সাগরকন্যা প্রতিবেদক, মহিপুর (পটুয়াখালী)

কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর মহিপুরের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ওই কর্মসূচি আয়োজন করে মহিপুর এলাকার শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ।

 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন এবং ব্যানার-প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সাইফুল ইসলাম সোহাগ নামে এক শিক্ষার্থী বলেন, একজন নিরীহ ও সৎ কৃষিবিদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত না হলে সমাজে অপরাধ প্রবণতা বাড়বে।

 

অপর এক শিক্ষার্থী জাহিদুল ইসলাম রাজিব বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানাই।

 

শহিদুল ইসলাম-এর বাবা মতিউর রহমান বলেন, আমার ছেলেটা খুবই সৎ, পরিশ্রমী এবং নিরীহ ছিল। সে কখনো কারও ক্ষতি করেনি। আজ তাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। একজন বাবা হিসেবে আমি আমার ছেলের হত্যার ন্যায়বিচার চাই। যারা এর সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। প্রশাসন ও সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে আর কোনো বাবাকে এভাবে সন্তান হারাতে না হয়।

 

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি মহিপুর থানার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। কর্মসূচিতে মহিপুর থানার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ, গত কৃষিবিদ শহিদুল ইসলামের মরদেহ মাদারীপুরের শিবচর থেকে গত ২৪ জানুয়ারি উদ্ধার হয়। এর একদিন আগে ঢাকা থেকে নিখোঁজ হন তিনি। পরে তার বাবা বাদি হয়ে শিবচর থানায় একটি হত্যা মামলা দয়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১২:০২:২৬ ● ৬৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ